২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

বিনোদন

সিনেমা হলে ‘দার-ই-নিজাত’র শেষ পর্ব, ইউটিউবেও সম্প্রচার

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬১৮:২২আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬০২:৩৫
সিনেমা হলে ‘দার-ই-নিজাত’র শেষ পর্ব, ইউটিউবেও সম্প্রচার
ছবি : সংগৃহীত

পাকিস্তানি টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয়তা এবার পৌঁছাচ্ছে প্রেক্ষাগৃহ পর্যন্ত। দর্শকদের ব্যাপক আগ্রহের কারণে আলোচিত সিরিজ ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব বড় পর্দায় প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাকিস্তানের সিনেমা হলগুলোতে বিশেষ আয়োজনের মাধ্যমে দেখানো হবে ধারাবাহিকটির চূড়ান্ত পর্ব। তবে শুধু প্রেক্ষাগৃহের দর্শকদের জন্যই থাকছে না এই বিশেষ সুযোগ। প্রদর্শনীর এক দিন পর পর্বটি ইউটিউবেও প্রকাশ করা হবে।

পাকিস্তানি সংবাদমাধ্যম সিয়াসাতের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ধারাবাহিকটির সমাপ্তি ঘিরে দর্শকদের জন্য বিশেষ প্রেক্ষাগৃহ প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে। এরপর ‘টপ পাকিস্তানি ড্রামাস’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে শেষ পর্ব। ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের দর্শকেরাও অনলাইনে সিরিজটির সমাপ্তি দেখতে পারবেন।

চলতি বছরের অন্যতম আলোচিত পাকিস্তানি ধারাবাহিক হয়ে উঠেছে ‘দার-ই-নিজাত’। এতে আবু বকর চরিত্রে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার এবং জারিয়াবের ভূমিকায় রয়েছেন দুরে ফিশান সেলিম। দুজনের অভিনয় ও ধারাবাহিকটির গল্প দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের দর্শকদের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছে সিরিজটি।

ভারতে ধারাবাহিকটি দেখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও বিভিন্ন উপায়ে সেখানকার দর্শকদের মধ্যে এর আগ্রহ তৈরি হয়েছে। ফলে দক্ষিণ এশিয়ার বিনোদনপ্রেমীদের মধ্যেও সিরিজটির শেষ পর্ব নিয়ে আলোচনা চলছে।

ধারাবাহিকটির প্রচারসংখ্যাতেও দর্শক আগ্রহের প্রভাব পড়েছে। এখন পর্যন্ত প্রচারিত হয়েছে ৩৪টি পর্ব। শুরুতে ৩৮ পর্বে গল্প শেষ করার পরিকল্পনা থাকলেও দর্শকদের সাড়া বিবেচনায় পর্বের সংখ্যা বাড়িয়ে ৪২ করা হয়েছে বলে জানা গেছে। সে হিসাবে এখনো আটটি পর্ব প্রচার বাকি।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৫ বা ২৬ ডিসেম্বর প্রচারিত হতে পারে ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব। তবে প্রেক্ষাগৃহে প্রদর্শনী এবং চূড়ান্ত পর্ব প্রকাশের নির্দিষ্ট সময়সূচি এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মের গণ্ডি পেরিয়ে একটি ধারাবাহিকের শেষ পর্ব সিনেমা হলে দেখানোর এই উদ্যোগ পাকিস্তানি নাটকের জনপ্রিয়তার নতুন দিক তুলে ধরছে। এখন দর্শকদের অপেক্ষা আবু বকর ও জারিয়াবের গল্পের শেষ পরিণতি জানার।

#জাতীয়#সংবাদ#দার-ই-নিজাত শেষ পর্ব#পাকিস্তানি ধারাবাহিক#শেহরিয়ার মুনাওয়ার#পাকিস্তানি ড্রামা#দার-ই-নিজাত ৪২ পর্ব#টপ পাকিস্তানি ড্রামাস#Pakistani Drama Last Episode#Dar e Nijat#Pakistani Drama
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram