উৎপাদননির্ভর কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করে তুলতে প্রায় ১৪ হাজার কোটি টাকার একটি নতুন প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে সরকার। প্রকল্পের নাম "বাংলাদেশ এগ্রি এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট" (বিএপি)। এর প্রাথমিক পরিকল্পনা এখন তৈরি হচ্ছে।
শস্য, প্রাণিসম্পদ, মৎস্য ও বনজ সম্পদ মিলিয়ে কৃষি খাতের অবদান জিডিপির প্রায় ১১ থেকে সাড়ে ১১ শতাংশ। দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ এ খাতে কাজ করে। খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ মানুষের জীবিকার অন্যতম প্রধান ভিত্তিও কৃষি।
প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতকে একটি অভিন্ন কাঠামোয় আনা হবে। এর মাধ্যমে উৎপাদনশীল অংশীদারিত্ব গড়ে তোলা, কৃষিসেবা ডিজিটাল করা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা হবে।
কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও অন্যান্য অংশীজনের মধ্যে সংযোগ জোরদার করে উৎপাদন ও বিপণনব্যবস্থা শক্তিশালী করাই প্রকল্পের মূল উদ্দেশ্য। এছাড়া সরকারি কৃষিসেবার জন্য ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা হবে। পণ্যের উৎস ও সরবরাহ শনাক্ত করার ব্যবস্থাও (ট্রেসেবিলিটি) থাকবে।
প্রকল্পে বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রস্তাব রয়েছে। বাস্তবায়নে যুক্ত থাকবে কৃষি সম্প্রসারণ, প্রাণিসম্পদ ও মৎস্য অধিদপ্তর। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে প্রধান বাস্তবায়নকারী সংস্থা করার কথা ভাবা হচ্ছে।
প্রকল্পের প্রধান ফোকাল পয়েন্ট সাখাওয়াত হোসেন শরীফ বলেন, অর্থায়ন, ব্যয়ের খাত ও সুনির্দিষ্ট কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি। বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রকল্পের আকার ও কর্মপরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। এখন একটি কারিগরি নোট তৈরির কাজ চলছে।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের জুলাইয়ে বিশ্বব্যাংকের সহায়তায় শুরু হওয়া "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন" (পার্টনার) কর্মসূচির ধারাবাহিকতায় নতুন এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর লক্ষ্য কৃষিকে আরও উৎপাদনশীল, বাজারমুখী ও জলবায়ু-সহনশীল করা।
কর্মকর্তারা জানান, প্রথম পর্যায়ে চারটি প্রধান উপাদান থাকবে। মাঠপর্যায়ের চাহিদা, সরকারের অগ্রাধিকার ও নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির ভিত্তিতে এগুলো চূড়ান্ত হবে। এজন্য একটি প্রস্তুতিমূলক দলও গঠন করা হয়েছে।
উৎপাদনশীল অংশীদারিত্ব: কৃষক ও উদ্যোক্তাদের সংযোগ জোরদার করে উৎপাদন ও বিপণন শক্তিশালী করা হবে। প্রস্তাবিত ব্যয় ২২ কোটি ৫০ লাখ ডলার।
সরকারি কৃষিসেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। প্রস্তাবিত ব্যয় সাত কোটি ৫০ লাখ ডলার।
উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পণ্যের উৎস শনাক্ত করার ব্যবস্থা জোরদার হবে। প্রস্তাবিত ব্যয় তিন কোটি ডলার।
প্রকল্প ব্যবস্থাপনা, অভিজ্ঞতা থেকে শেখা এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ে ব্যয় ধরা হয়েছে দুই কোটি ডলার।
চার উপাদানের মোট প্রস্তাবিত ব্যয় ৩৫ কোটি মার্কিন ডলার। পরবর্তী পর্যায়ে দ্বিতীয় ধাপে আরও ৩০ কোটি এবং তৃতীয় ধাপে ২৫ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
২০৫০ সালের মধ্যে কৃষিকে টেকসই, জলবায়ু-সহনশীল ও বাজারমুখী করার লক্ষ্যে সরকার "ট্রান্সফর্মিং বাংলাদেশ এগ্রিকালচার: আউটলুক ২০৫০" প্রণয়ন করেছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
সংশ্লিষ্ট অংশীজনদের মতে, উৎপাদনশীল অংশীদারিত্বে জোর দেওয়া হলে কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)



