২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

বিনোদন

২৬ বছর পর আসছে ‘ধাড়কান ২’

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬১৮:০৭আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬০২:৩৫
২৬ বছর পর আসছে ‘ধাড়কান ২’
ছবি : সংগৃহীত

একসময় বলিউডের পর্দায় প্রেম, বিচ্ছেদ আর সম্পর্কের জটিল সমীকরণে দর্শকদের মুগ্ধ করেছিল ‘ধাড়কান’। সিনেমাটির গল্পের পাশাপাশি গানগুলোও পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। এবার সেই স্মৃতিকে নতুন করে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। প্রায় ২৬ বছর পর নির্মিত হতে পারে জনপ্রিয় সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘ধাড়কান ২’। তবে নতুন সিনেমায় অক্ষয় কুমার, শিল্পা শেঠি ও সুনীল শেঠিকে একসঙ্গে দেখা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।

ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ধাড়কান ২’ নির্মাণ নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে। তবে এটি আগের সিনেমার গল্পের সরাসরি পরবর্তী অংশ হবে না। নতুন কাহিনিতে প্রেম, সম্পর্ক, বিচ্ছেদ ও আবেগের বিষয়গুলো ভিন্নভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

গল্পে পরিবর্তন আসায় পুরোনো অভিনয়শিল্পীদের উপস্থিতি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিনেমায় সুনীল শেঠিকে বিশেষ চরিত্রে বা ক্যামিওতে দেখা যেতে পারে। তবে তাঁর চরিত্রের ধরন কিংবা পর্দায় উপস্থিতির সময় এখনো নির্ধারিত হয়নি। অন্যদিকে অক্ষয় কুমার ও শিল্পা শেঠির প্রত্যাবর্তন নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সিনেমাটি পরিচালনার দায়িত্ব পেতে পারেন শ্রী নারায়ণ সিং। এর আগে অক্ষয় কুমারকে নিয়ে একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। নতুন কিস্তিতে বলিউডের কয়েকজন নতুন অভিনয়শিল্পীর পাশাপাশি একজন পরিচালকের ছেলের অভিষেক হওয়ার সম্ভাবনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০০০ সালে মুক্তি পাওয়া প্রথম ‘ধাড়কান’ পরিচালনা করেছিলেন ধর্মেশ দর্শন। সিনেমাটিতে অঞ্জলি, দেব ও রামের ত্রিভুজ প্রেমের গল্প দর্শকদের আবেগ ছুঁয়ে গিয়েছিল। অঞ্জলি ও দেবের ভালোবাসার সম্পর্ক পারিবারিক সিদ্ধান্তে ভিন্ন দিকে মোড় নেয়। পরে রামকে বিয়ে করলেও পুরোনো ভালোবাসার স্মৃতি ও নতুন সম্পর্কের টানাপোড়েন গল্পটিকে আলাদা মাত্রা দেয়।

অক্ষয় কুমার, শিল্পা শেঠি ও সুনীল শেঠির অভিনয় সিনেমাটিকে বিশেষ পরিচিতি এনে দেয়। তাঁদের পাশাপাশি অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর, পারমিত শেঠি, কিরণ কুমার, সুষমা শেঠ ও মনজিত কুল্লার।

তবে ‘ধাড়কান’-এর জনপ্রিয়তার বড় অংশজুড়েই ছিল এর সংগীত। নাদিম-শ্রাবণের সুর এবং সমীরের লেখা গান দর্শকদের মনে দীর্ঘস্থায়ী জায়গা করে নেয়। ‘দিল নে ইয়ে কহা হ্যায় দিল সে’, ‘তুম দিল কি ধাড়কান মে’, ‘দুলহে কা সেহরা’ ও ‘না না করতে প্যায়ার’ গানগুলো এখনো শ্রোতাদের কাছে পরিচিত।

বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, সিনেমাটির সংগীত অ্যালবামের প্রায় ৪৫ লাখ কপি বিক্রি হয়েছিল। ২০০০ সালে ‘মোহাব্বতে’র পর এটি ছিল দ্বিতীয় সর্বাধিক বিক্রীত অ্যালবাম। বাণিজ্যিকভাবেও সফল ছিল সিনেমাটি। বিশ্বব্যাপী এর আয় ছিল প্রায় ২৬ কোটি রুপি।

সব মিলিয়ে ‘ধাড়কান ২’ নিয়ে প্রাথমিক আলোচনা বলিউডপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। তবে সিনেমাটির পরিচালক, অভিনয়শিল্পী, শুটিং শুরুর সময় কিংবা মুক্তির তারিখ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে পুরোনো তারকাদের কেউ ফিরবেন, নাকি নতুন মুখের হাত ধরেই পর্দায় ফিরবে ‘ধাড়কান’—সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

#জাতীয়#সংবাদ#ধাড়কান ২#অক্ষয় কুমার#শিল্পা শেঠি#সুনীল শেঠি#ধাড়কান সিক্যুয়েল#বলিউড নতুন সিনেমা#বলিউড বিনোদন সংবাদ#ধাড়কান গান#Dhadkan 2#Bollywood News
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram