২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

অর্থনীতি

ঠেকানো যাচ্ছে না ভাঙন ঝুঁকিতে রমজাইপুরের জনপদ

২৪ঘন্টা অনলাইনবাগেরহাট প্রতিনিধিপ্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬১৮:৫৭আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬০২:৩৫
ঠেকানো যাচ্ছে না ভাঙন ঝুঁকিতে রমজাইপুরের জনপদ

বাগেরহাটের রামপাল উপজেলার মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলসংলগ্ন এলাকায় ভয়াবহ নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ভাঙনকবলিত রমজাইপুর এলাকা পরিদর্শন করে তিনি বলেছেন, শুধু জিও ব্যাগ ফেলে এ এলাকার ভাঙন স্থায়ীভাবে ঠেকানো সম্ভব হচ্ছে না। এজন্য বৈজ্ঞানিক সমীক্ষার মাধ্যমে কার্যকর ও টেকসই প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে প্রতিমন্ত্রী মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের রামপাল উপজেলার রমজাইপুর এলাকার ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দুর্ভোগের কথা শোনেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, প্রায় দেড় মাস আগে এ এলাকার নদীভাঙন পরিস্থিতি পরিদর্শনের পর প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বর্তমানে ভাঙনকবলিত স্থানে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে নদীর তীরের ভাঙনের ধরন অত্যন্ত খাড়া হওয়ায় জিও ব্যাগ ফেলেও পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

তিনি বলেন, নদীর গতিপথ ও স্রোতের প্রকৃতি বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে চ্যানেলের বিভিন্ন বাঁকের কারণে প্রবল স্রোত নদীর অপর পাড়ে আঘাত হানছে। এতে নতুন নতুন এলাকায় ভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছে। নদীর বাঁকগুলো কীভাবে সংশোধন বা সোজা করা যায়, সেটিও সরেজমিনে পর্যালোচনা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও জানান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সমন্বয়ে সমস্যার যৌক্তিক ও স্থায়ী সমাধান খোঁজা হচ্ছে। প্রয়োজনীয় সমীক্ষা শেষে পানি উন্নয়ন বোর্ড প্রতিবেদন জমা দিলে তা পর্যালোচনা করে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

নদীভাঙনের ভয়াবহতা তুলে ধরে শেখ ফরিদুল ইসলাম বলেন, ভাঙনে মানুষের বসতবাড়ি ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অনেক পরিবার জীবিকা ও কর্মসংস্থান হারিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ছে। কেউ কেউ ঘরবাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাঁর নৈতিক দায়িত্ব।

এদিকে মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেল দেশের গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি। এ চ্যানেল দিয়ে নৌযান চলাচলের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নৌযোগাযোগ ও বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহন কার্যক্রম পরিচালিত হয়। ফলে চ্যানেলসংলগ্ন এলাকায় নদীভাঙন শুধু স্থানীয় মানুষের বসতভিটা ও কৃষিজমির জন্যই নয়, সামগ্রিক নৌপথের নিরাপত্তা ও তীরবর্তী অবকাঠামোর জন্যও উদ্বেগের বিষয়।

স্থানীয়দের প্রত্যাশা, সাময়িক প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি দ্রুত স্থায়ী প্রকল্প বাস্তবায়ন করা হবে। তাঁদের মতে, নদীভাঙন অব্যাহত থাকলে বসতভিটা, ফসলি জমি ও স্থানীয় যোগাযোগব্যবস্থা আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।

পরিদর্শনকালে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. মিরাজ মোল্লা, উপবিভাগীয় প্রকৌশলী (রায়েন্দা) মো. হুমায়ুন কবির এবং উপসহকারী প্রকৌশলী হোসনেয়ারা জামিল সুমানা উপস্থিত ছিলেন।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram