শীতের আগমনী বার্তা মিললেও স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও কয়েক দিনের বৃষ্টিতে সেই সম্ভাবনায় ছেদ পড়েছে। উৎপাদন ও সরবরাহে প্রভাব পড়ায় চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। শিম, টমেটো, গাজর ও নতুন আলু কিনতে গিয়ে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে ক্রেতাদের। অন্যদিকে মাছের বাজারেও স্বস্তি নেই। সব মিলিয়ে সীমিত আয়ের মানুষের নিত্যদিনের বাজার সামলানো কঠিন হয়ে উঠেছে।
২৮ নভেম্বর রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে এখন সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজির মধ্যে শিম ও টমেটো। প্রতি কেজি দেশি লাল শিমের দাম ১২০ থেকে ১৪০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে। লম্বা ও গোল বেগুনের দাম মানভেদে ৮০ থেকে ১২০ টাকা। করলা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা।
এ ছাড়া পটল ৮০ টাকা, শসা ১০০ টাকা, ঢেঁড়স ও চিচিঙ্গা ৬০ থেকে ৮০ টাকা, মুলা ৪০ থেকে ৫০ টাকা এবং পেঁপে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নতুন আলুর দামও ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে। প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। তবে পুরোনো আলু পাওয়া যাচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। গাজরের দাম কেজিতে ১০০ থেকে ১২০ টাকা। ফুলকপি বিক্রি হচ্ছে প্রতিটি ৪০ থেকে ৫০ টাকায়।
কুড়িল-সংলগ্ন কাঁচাবাজারের সবজি বিক্রেতা ইউসুফ আহমেদ জানান, কয়েক দিনের বৃষ্টিতে বিভিন্ন এলাকার সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাজারে সবজির সরবরাহ কমেছে। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে। সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে দাম কমার সম্ভাবনা রয়েছে।
সবজির পর মাছের বাজারেও ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ২৪০ থেকে ৩০০ টাকা, তেলাপিয়া ২৪০ থেকে ২৬০ টাকা এবং পাঙাশ ২০০ থেকে ২২০ টাকায়। কাতলা মাছের দাম আকারভেদে ৩০০ থেকে ৫০০ টাকা।
এ ছাড়া পাবদা ৩৮০ থেকে ৪৫০ টাকা, পোয়া ৩৫০ থেকে ৪০০ টাকা এবং টেংরা মাছ ৫৫০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় আকারের দেশি মাছের দাম আরও বেশি।
তবে মুরগির বাজারে আপাতত বড় ধরনের ওঠানামা নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি ২৮০ থেকে ৩৩০ টাকা এবং লাল লেয়ার মুরগি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম কেজিতে সর্বোচ্চ ৬২০ টাকা পর্যন্ত।
গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা। খাসির মাংসের দাম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা। অন্যদিকে প্রতি ডজন লাল ডিমের দাম রয়েছে ১৪০ থেকে ১৫০ টাকার মধ্যে।
বাজারের বাড়তি দামের প্রভাব পড়েছে সাধারণ ক্রেতাদের কেনাকাটায়। কালাচাঁদপুর বাজারে বাজার করতে আসা লন্ড্রি দোকানি আবদুর রহমান জানান, দুই সপ্তাহ আগেও তুলনামূলক কম দামে সবজি কিনতে পেরেছিলেন। তখন শিম ও টমেটোর দাম কিছুটা নাগালে ছিল। কিন্তু আবারও দাম বেড়ে যাওয়ায় এখন প্রয়োজনীয় সবজি কিনতেও হিসাব করতে হচ্ছে।
তিনি বলেন, ১০০ টাকার নিচে ভালো সবজি পাওয়া কঠিন হয়ে গেছে। তাই প্রয়োজন থাকলেও একসঙ্গে বেশি না কিনে আধা কেজি করে কিনতে হচ্ছে।
বাজার পরিস্থিতিতে দেখা যাচ্ছে, শীতকালীন সবজির মৌসুম শুরু হলেও উৎপাদন ও সরবরাহের স্বাভাবিক গতি না ফেরায় ক্রেতারা এখনো দামের স্বস্তি পাচ্ছেন না। এর সঙ্গে মাছের উচ্চমূল্য যুক্ত হয়ে সাধারণ পরিবারের খাদ্য কেনার খরচ আরও বাড়িয়ে দিয়েছে।



