ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করেছে দেশটির সরকারি বাহিনী। মাত্র ২৪ ঘণ্টায় হুথিদের বিভিন্ন অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে শত শত হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। এসব অভিযানে অন্তত ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ। একই সময়ে হুথিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিও করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানান ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি।
তিনি জানান, সেনাবাহিনীর চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের আওতায় বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন প্রদেশে হুথিদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এ সময় বিমান, কামান, ড্রোন ও রকেট ব্যবহার করে তাদের অবস্থানগুলোতে আঘাত হানা হয়।
সামরিক মুখপাত্রের দেওয়া হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা চালানো হয়েছে। এসব হামলায় হুথিদের সামরিক সক্ষমতায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী।
সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তাইজ, মারিব, আল-জউফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ ইয়েমেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্রন্টে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব এলাকায় সরকারি বাহিনী হুথিদের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও নতুন করে মোতায়েন করা যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে।
এদিকে ইয়েমেনে সংঘাত নতুন করে তীব্র হওয়ার মধ্যে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে সামরিক তৎপরতা বাড়িয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে হুথি বাহিনীও সৌদি আরবকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।
তবে সামরিক অভিযানের পাশাপাশি বেসামরিক নাগরিকদের হতাহতের অভিযোগও সামনে এসেছে। শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবাহ নিউজ দাবি করেছে, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
তবে বেসামরিক নাগরিক নিহত হওয়ার এ অভিযোগ স্বাধীন বা নিরপেক্ষ কোনো সূত্রে যাচাই করা সম্ভব হয়নি।
সব মিলিয়ে ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সামরিক অভিযান বাড়ার পাশাপাশি বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।



