রাজধানীর পানির সংকট মোকাবিলা এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে বড় পরিবর্তন আসছে পানি সরবরাহ ব্যবস্থায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার চালু হলে মেঘনা নদীর শোধিত পানি পাবেন রাজধানীর ১৩টি এলাকার বাসিন্দারা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের জুন থেকে শুরু হবে এই পানি সরবরাহ।
প্রকল্পটি চালু হলে বাড্ডা, উত্তর বাড্ডা, সাতারকুল, গুলশান, প্রগতি সরণি, বসুন্ধরা, খিলক্ষেত, কাকলি, বনানী, ক্যান্টনমেন্ট এলাকা, মিরপুরের আংশিক অঞ্চল, উত্তরা ও মিরপুর ডিওএইচএসে নিরাপদ পানি সরবরাহ করা হবে।
প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে এই পানি শোধনাগার। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এর কাজ প্রায় শেষ পর্যায়ে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলক ও আংশিক পানি সরবরাহ শুরুর পরিকল্পনা রয়েছে। আর ২০২৭ সালের জুনে প্রথম পর্যায়ের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পটির প্রথম পর্যায়ে প্রতিদিন ৫০ কোটি লিটার শোধিত পানি রাজধানীতে সরবরাহ করা সম্ভব হবে। দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হলে আরও ৫০ কোটি লিটার পানি যুক্ত হবে। অর্থাৎ দুই পর্যায় মিলিয়ে দৈনিক পানি সরবরাহের সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটার।
সংশ্লিষ্টরা বলছেন, ঢাকার পানির চাহিদা পূরণে দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়েছে। এতে ক্রমাগত নিচে নামছে পানির স্তর। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যতের পানির নিরাপত্তা নিশ্চিত করতে নদীর পানিকে শোধন করে ব্যবহারের বিকল্প ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, রাজধানীতে প্রতিদিন পানির চাহিদা প্রায় ৩ কোটি ২৫ লাখ লিটার। এর বিপরীতে ঢাকা ওয়াসা ভূগর্ভস্থ ও উপরিভাগের উৎস থেকে প্রায় ২ কোটি ৯৫ লাখ থেকে ৩ কোটি ৫ লাখ লিটার পানি সরবরাহ করে। ফলে প্রতিদিনই চাহিদার তুলনায় ঘাটতি থাকছে।
তিনি বলেন, ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার পানির চাহিদা বিবেচনায় নিয়ে গন্ধর্বপুর প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি চালু হলে পানির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভূগর্ভস্থ পানির ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি শহরের মোট পানি উত্তোলনের ক্ষেত্রে ভূগর্ভস্থ পানির অংশ ৩০ শতাংশের মধ্যে থাকা উচিত। অথচ ঢাকায় বর্তমানে প্রায় ৭৪ শতাংশ পানি ভূগর্ভ থেকে উত্তোলন করা হচ্ছে। বিপরীতে উপরিভাগের পানির ব্যবহার মাত্র ২৪ শতাংশ। এই পরিস্থিতি পরিবেশ ও জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
প্রতিমন্ত্রীর মতে, গন্ধর্বপুর প্রকল্প চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার পথ তৈরি হবে।
ঢাকা ওয়াসার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের বাসসকে বলেন, ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, সংশ্লিষ্টদের হিসাবে কাজের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং সরকার দ্রুত প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করছে।
সব মিলিয়ে গন্ধর্বপুর পানি শোধনাগার চালু হলে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থায় নদীনির্ভরতার নতুন অধ্যায় শুরু হতে পারে। তবে প্রকল্পের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে নিয়মিত ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করাই এখন সংশ্লিষ্টদের সামনে বড় চ্যালেঞ্জ।



