২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

সারাদেশ

আন্দোলন ছেড়ে কাজে ফিরলেন পোশাকশ্রমিকরা, গাজীপুরে স্বস্তি

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬১২:০৯আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬০২:৫৫
আন্দোলন ছেড়ে কাজে ফিরলেন পোশাকশ্রমিকরা, গাজীপুরে স্বস্তি

দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের পর অবশেষে স্বাভাবিক হতে শুরু করেছে গাজীপুরের পোশাকশিল্প। নতুন মজুরি কাঠামো মেনে কাজে ফিরেছেন শ্রমিকরা। বন্ধ থাকা কারখানাগুলোও খুলে দেওয়ায় শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য। শ্রমিকদের ভাষ্য, নতুন মজুরিতে তারা সন্তুষ্ট। আর কোনো আন্দোলন নয়, এখন কাজের মধ্য দিয়েই এগিয়ে যেতে চান তারা।

২৮ নভেম্বর সকাল থেকে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ি, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকায় পোশাক কারখানাগুলোতে কাজে যোগ দেন শ্রমিকরা।

এর আগে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে উত্তপ্ত ছিল গাজীপুরের শিল্পাঞ্চল। শ্রমিকদের আন্দোলন, বিক্ষোভ ও কর্মবিরতির কারণে জেলার প্রায় ৭০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিনই অনেক কারখানায় ছুটি ঘোষণা করতে হতো। একপর্যায়ে প্রতিদিন অর্ধশতাধিক কারখানা বন্ধ রাখার পরিস্থিতিও তৈরি হয়েছিল।

তবে মজুরি বোর্ডের ঘোষিত নতুন বেতন কাঠামো মেনে নিয়ে শ্রমিকরা কাজে ফেরায় পরিস্থিতির পরিবর্তন এসেছে। ২৮ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত জেলার কোথাও নতুন করে আন্দোলন, বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।

পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার বলেন, নতুন মজুরিতে তারা খুশি। আর কোনো আন্দোলনে যেতে চান না তারা। এজন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এখন থেকে আনন্দের সঙ্গে কাজে মনোযোগ দিতে চান।

একই কারখানার শ্রমিক রাহিমা ও ইতি আক্তার বলেন, আগের বেতনে সংসারের মাসিক খরচ চালানো কঠিন ছিল। বাড়িভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় নানা সমস্যায় পড়তে হতো। নতুন মজুরি কার্যকর হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। এখন আগের তুলনায় সংসার চালাতে সুবিধা হবে বলে আশা করছেন।

কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, শ্রমিকরা আন্দোলন থেকে সরে এসে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিচ্ছেন। কারখানাগুলোতে এখন স্বস্তির পরিবেশ বিরাজ করছে। শ্রমিকরা কাজে ফিরলে উৎপাদন বাড়বে। এতে মালিক ও শ্রমিক উভয় পক্ষই উপকৃত হবে। দেশের পোশাকশিল্পও সামনে এগিয়ে যাবে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আশা করা হচ্ছে, শ্রমিকরা এখন থেকে আন্দোলনের পরিবর্তে কাজে মনোযোগ দেবেন। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রাখা হয়েছে।

শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে গাজীপুরের পোশাকশিল্পে দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে উৎপাদন স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

#জাতীয়#সংবাদ#গাজীপুর শ্রমিক আন্দোলন#গার্মেন্টস শ্রমিক#পোশাকশ্রমিকদের বেতন#গাজীপুর শিল্পাঞ্চল#পোশাকশিল্প#শ্রমিক অসন্তোষ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram