এক সময় সরকারি চাহিদার প্রায় ৭০ শতাংশ কাগজ জোগান দিত রাষ্ট্রায়ত্ত একমাত্র কাগজকল কর্ণফুলী পেপার মিলস (কেপিএম)। দেড় দশক আগেও বছরে ২০ হাজার মেট্রিক টন কাগজ উৎপাদন হতো। এখন তা নেমেছে মাত্র ৩ হাজার টনে। উৎপাদন কমেছে প্রায় ৮৭ শতাংশ।
পুরোনো যন্ত্রপাতি, কাঁচামালের অভাব, গ্যাসের উচ্চমূল্য ও জনবল সংকটে এখন একটি মেশিনেই কোনোমতে উৎপাদন চলছে। গত আট বছর ধরে মিলের নিজস্ব পাল্প প্ল্যান্ট বন্ধ। প্রতি টন কাগজে লোকসান ৩৫ থেকে ৪০ হাজার টাকা। বছরে মোট লোকসান প্রায় ২৮ থেকে ৩০ কোটি টাকা। অনুমোদিত ২ হাজার ৩৭৬ জনবলের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৮৮ জন।
এ অবস্থায় মিলটিকে নতুনভাবে সাজাতে চায় সরকার। কেপিএম এলাকায় একটি ইন্টিগ্রেটেড পাল্প অ্যান্ড পেপার মিলসহ ছয়টি কেমিক্যাল প্ল্যান্ট বসানোর পরিকল্পনা করেছে বিসিআইসি। এর সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে।
২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে বছরে ১ লাখ মেট্রিক টন কাগজ উৎপাদন সম্ভব হবে। প্রকল্পটির জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারী খুঁজছে সরকার। বিনিয়োগ না পাওয়া গেলে ধাপে ধাপে সরকারি অর্থায়নে তা বাস্তবায়ন করা হবে। কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহ বলেন, ‘কর্ণফুলী পেপার মিল দেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ। এটি পুরোদমে চালু হলে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।’




