গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই মনে হচ্ছে ঘরে কেউ দাঁড়িয়ে আছে। বুকের ওপর প্রচণ্ড চাপ, শ্বাস নিতে অস্বস্তি। অথচ হাত-পা নাড়ানো কিংবা চিৎকার করার কোনো ক্ষমতা নেই। কয়েক মুহূর্তের এই অভিজ্ঞতা অনেকের কাছে ‘বোবায় ধরা’ বা ‘নিশি ভূতের আক্রমণ’ হিসেবে পরিচিত। তবে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি স্লিপ প্যারালাইসিস, যার পেছনে রয়েছে ঘুমের স্বাভাবিক একটি প্রক্রিয়া।
বিশেষজ্ঞদের মতে, ঘুম ও জেগে ওঠার মধ্যবর্তী সময়ে মস্তিষ্ক এবং শরীরের মধ্যে সাময়িক সমন্বয়হীনতা তৈরি হলে এমন পরিস্থিতি দেখা দিতে পারে। জীবনের কোনো এক পর্যায়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ মানুষ এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। সাধারণত কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
ঘুমের মধ্যে শরীর কেন অবশ হয়ে যায়?
মানুষের ঘুমের একটি গুরুত্বপূর্ণ পর্যায় হলো র্যাপিড আই মুভমেন্ট বা REM। এই পর্যায়ে মস্তিষ্ক বেশ সক্রিয় থাকে এবং সাধারণত স্বপ্ন দেখার প্রবণতা বেশি থাকে। কিন্তু স্বপ্নের সঙ্গে শরীরের নড়াচড়া যাতে বাস্তবে মিলে না যায়, সে জন্য মস্তিষ্ক শরীরের অধিকাংশ পেশিকে সাময়িকভাবে নিষ্ক্রিয় রাখে। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় ‘মাসল অ্যাটোনিয়া’।
স্লিপ প্যারালাইসিসের ক্ষেত্রে সমস্যা তৈরি হয় ঘুম ভাঙার সময়। তখন মস্তিষ্ক জেগে উঠলেও শরীরের পেশিগুলো কিছুক্ষণ আগের ঘুমের অবস্থায় থেকে যায়। ফলে ব্যক্তি আশপাশের পরিবেশ বুঝতে পারলেও হাত-পা নাড়াতে বা কথা বলতে পারেন না।
অদৃশ্য কারও উপস্থিতি অনুভূত হয় কেন?
স্লিপ প্যারালাইসিসের সবচেয়ে ভীতিকর দিক হলো অস্বাভাবিক দৃশ্য, শব্দ কিংবা স্পর্শের অনুভূতি। কেউ ঘরের কোণে কালো অবয়ব দেখতে পান, কেউ আবার মনে করেন অদৃশ্য কেউ বুকের ওপর বসে আছেন।
এর পেছনে রয়েছে স্বপ্ন-সম্পর্কিত মস্তিষ্কের কার্যক্রম। ঘুমের বৈশিষ্ট্য পুরোপুরি কাটার আগেই জেগে ওঠায় স্বপ্নের দৃশ্য ও বাস্তব পরিবেশ একাকার হয়ে যেতে পারে। এ কারণে কেউ কারও উপস্থিতি অনুভব করেন, আবার কেউ ভয়ংকর অবয়ব বা শব্দ শুনতে পান।
বিশ্বজুড়ে ‘ঘুমের দানব’ নিয়ে নানা বিশ্বাস
স্লিপ প্যারালাইসিসের অভিজ্ঞতা বিভিন্ন দেশের সংস্কৃতি ও লোককথায় ভিন্ন ভিন্ন নামে পরিচিত। কোথাও একে অশুভ আত্মার আক্রমণ, কোথাও আবার কোনো অতিপ্রাকৃত সত্তার চাপ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।
প্রাচীন মেসোপটেমিয়ার লোকবিশ্বাসে ‘লিলিতু’ নামের এক নারী দানবের উল্লেখ রয়েছে। মধ্যযুগীয় ইউরোপে ঘুমের মধ্যে বুকের ওপর চাপ অনুভব করার ঘটনাকে ‘নাইট-মেয়ার’ বা অশুভ সত্তার সঙ্গে যুক্ত করা হতো।
নিউফাউন্ডল্যান্ডের লোককথায় ‘ওল্ড হ্যাগ’ নামের এক ডাইনি ঘুমন্ত মানুষের বুকের ওপর চেপে বসে—এমন বিশ্বাস প্রচলিত ছিল। ব্রাজিলে রয়েছে ‘পিসাদেইরা’ নামের এক বৃদ্ধার গল্প। জাপানে এ অভিজ্ঞতা ‘কানাসিবারি’ নামে পরিচিত। মিসর ও কম্বোডিয়াতেও এ নিয়ে রয়েছে বিভিন্ন অতিপ্রাকৃত বিশ্বাস।
তবে আধুনিক চিকিৎসাবিজ্ঞান এসব অভিজ্ঞতাকে অলৌকিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করে না।
কোন কারণে ঝুঁকি বাড়তে পারে?
ঘুমের অনিয়ম এবং পর্যাপ্ত বিশ্রামের অভাব স্লিপ প্যারালাইসিসের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে—
নিয়মিত প্রয়োজনের তুলনায় কম ঘুমানো
প্রতিদিন ঘুমানোর সময় পরিবর্তন করা
অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগ
ঘুমের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত
চিত হয়ে ঘুমানোর অভ্যাস
ঘুমের ঘাটতিকে স্লিপ প্যারালাইসিসের অন্যতম সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া ঘুমের কিছু সমস্যার সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে।
এমন পরিস্থিতিতে কী করবেন?
স্লিপ প্যারালাইসিসের সময় আতঙ্কিত না হয়ে মনে রাখতে হবে, এটি সাধারণত সাময়িক একটি অবস্থা। কয়েকটি বিষয় অনুসরণ করলে পরিস্থিতি সামলানো সহজ হতে পারে।
হাত-পা নাড়ানোর চেষ্টা না করে প্রথমে আঙুল বা চোখের মতো ছোট পেশি নড়ানোর চেষ্টা করুন।
ধীরে ও স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার দিকে মনোযোগ দিন।
নিজেকে মনে করিয়ে দিন, এই অবস্থা কিছুক্ষণের মধ্যেই কেটে যাবে।
পাশে কেউ থাকলে তাকে ডাকতে বা স্পর্শ করে জাগিয়ে দিতে বলতে পারেন।
প্রতিরোধে প্রয়োজন নিয়মিত ঘুম
স্লিপ প্যারালাইসিসের ঝুঁকি কমাতে ঘুমের নিয়ম ঠিক রাখা জরুরি। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রাপ্তবয়স্কদের সাধারণত রাতে অন্তত সাত ঘণ্টা ঘুমের পরামর্শ দেওয়া হয়।
ঘুমানোর আগে মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য পর্দার ব্যবহার কমানো এবং চিত হয়ে ঘুমানোর পরিবর্তে কাত হয়ে ঘুমানোর অভ্যাসও সহায়ক হতে পারে।
তবে বারবার স্লিপ প্যারালাইসিস হলে, ঘুমের সমস্যা দেখা দিলে কিংবা দিনের বেলায় অতিরিক্ত ঘুম পেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ, কিছু ক্ষেত্রে এর সঙ্গে ঘুমের অন্য সমস্যাও জড়িত থাকতে পারে।


