২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪, আহত ১৮

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬২১:৪৬
ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪, আহত ১৮
ছবি : সংগৃহীত

লোহিত সাগর উপকূল ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইয়েমেনে। দেশটির গুরুত্বপূর্ণ বন্দরনগরী হোদেইদায় বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যমের দাবি, সৌদি আরবের চালানো এই হামলায় ইয়েমেনের পাবলিক টেলিকমিউনিকেশন করপোরেশনের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২৩ নভেম্ব) হুতি পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহতের তথ্য জানায়। তাদের দাবি, হোদেইদার একটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়।

হামলার ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বাড়ছে। এর আগের দিন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছিল, ইয়েমেন থেকে দেশটির পশ্চিমাঞ্চলীয় লোহিত সাগর উপকূল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

সৌদি আরবের পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ তেল স্থাপনা রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসব স্থাপনার পাশাপাশি বিমানবন্দর ও সামরিক স্থাপনাও হুতিদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

এদিকে ইয়েমেনের রাজধানী সানাতেও বিমান হামলার খবর পাওয়া গেছে। রোববার (২২ নভেম্বর) একটি জ্বালানি স্টেশনে হামলায় ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহির ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রীয় তেল কোম্পানির পরিচালিত ওই স্থাপনায় হামলায় ছয় কর্মী আহত হন। এতে প্রতিষ্ঠানটির একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই দিন লোহিত সাগরের বন্দরনগরী মোখা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের হাইফান জেলাতেও বিমান হামলার অভিযোগ করেছে হুতি পরিচালিত টেলিভিশন। এসব হামলার জন্য সৌদি আরবকে দায়ী করলেও হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ ইয়েমেনের অর্থনীতি, অবকাঠামো ও জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। নতুন করে সামরিক হামলা ও পাল্টাপাল্টি আক্রমণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। জাতিসংঘের উদ্ধৃত সর্বশেষ তথ্য অনুযায়ী, সংঘাতের কারণে দেশটিতে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত এবং তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

উল্লেখ্য, ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বড় একটি অংশ এবং গুরুত্বপূর্ণ হোদেইদা বন্দর হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। দীর্ঘদিনের এই সংঘাতের মধ্যে লোহিত সাগরকেন্দ্রিক সামরিক উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকেও নতুন করে উদ্বেগের মুখে ফেলছে।

#জাতীয়#সংবাদ#সৌদি বিমান হামলা#হোদেইদা বন্দর#ইয়েমেন যুদ্ধ#লোহিত সাগর#সৌদি হুতি সংঘাত#Saudi Arabia Airstrike
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram