ইউরোপজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে ভুয়া বোমা হামলার হুমকির ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এবার জার্মানির বিভিন্ন অঞ্চলের শত শত স্কুলে ই-মেইলের মাধ্যমে বিস্ফোরণের হুমকি পাঠানো হয়েছে। এর মধ্যে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাডেন-ভুর্টেমবার্গ অঙ্গরাজ্যের ৪৫০টির বেশি স্কুল রয়েছে। তবে প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, এসব হুমকিতে তাৎক্ষণিক কোনো নিরাপত্তাঝুঁকি শনাক্ত হয়নি।
২৩ নভেম্বর জার্মানির পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানায়। রাজধানী বার্লিন ছাড়াও বাডেন-ভুর্টেমবার্গ, থুরিঙ্গিয়া, স্যাক্সনি-আনহাল্ট এবং রাইনল্যান্ড-প্যালাটিনেট অঙ্গরাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হুমকির ই-মেইল পাওয়ার কথা জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি হুমকি এসেছে বাডেন-ভুর্টেমবার্গ অঙ্গরাজ্যের স্কুলগুলোতে। সেখানে ৪৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের বার্তা পাঠানো হয়েছে। তবে প্রাথমিক মূল্যায়নে এসব বার্তাকে তাৎক্ষণিক হামলার নির্ভরযোগ্য সংকেত হিসেবে দেখছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বার্লিন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ই-মেইল পাঠানো হয়েছে, সেগুলোর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো হামলার আশঙ্কা পাওয়া যায়নি। যদিও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু স্কুল ভবন খালি করার খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
রাইনল্যান্ড-প্যালাটিনেট অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, প্রায় একই ধরনের ই-মেইলে অজ্ঞাতপরিচয় প্রেরকেরা স্কুল ভবনে বিস্ফোরক ডিভাইস রাখার দাবি করেছে। পাশাপাশি সেগুলো বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে।
ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে এ ধরনের হুমকিকে অপরাধ হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে কর্তৃপক্ষ। তাদের মতে, বাস্তবে বিস্ফোরণের ঝুঁকি না থাকলেও এ ধরনের বার্তা শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করতে পারে।
জার্মানির ট্যাবলয়েড পত্রিকা বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, হুমকির ই-মেইলে ‘মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে’—এমন ভয়ংকর বার্তা ব্যবহার করা হয়েছিল।
তবে স্কুলগুলো খালি করার বিষয়ে কোনো সাধারণ নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। তাঁর ভাষ্য, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির সামগ্রিক চিত্র বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ বিষয়টি মোকাবিলা করছে। এসব হুমকির পেছনে কারা রয়েছে, সে বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
এদিকে জার্মানির বাইরেও ইউরোপের বিভিন্ন দেশে একই ধরনের ঘটনা ঘটেছে। গত কয়েক সপ্তাহে ইতালি, যুক্তরাজ্য, হাঙ্গেরি ও সার্বিয়ার শত শত শিক্ষাপ্রতিষ্ঠানে ভুয়া বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে উড়োজাহাজে ভুয়া বোমা সতর্কতা এবং কয়েকটি দেশের সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনাও সামনে এসেছে।
সব মিলিয়ে ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলকে ঘিরে ধারাবাহিক নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। জার্মানির স্কুলগুলোতে পাঠানো হুমকির উৎস এবং এর সঙ্গে অন্যান্য দেশের ঘটনাগুলোর কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



