২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

আন্তর্জাতিক

এআই নকল কাণ্ডে পদত্যাগ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬২০:১২আপডেট: ২২ নভেম্বর, ২০২৬২০:৪১
এআই নকল কাণ্ডে পদত্যাগ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর
ছবি : সংগৃহীত

পরীক্ষার হলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার ঠেকাতে গিয়ে উল্টো বিতর্কের মুখে পড়েছে দক্ষিণ কোরিয়ার শিক্ষা প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অননুমোদিত স্মার্ট ডিভাইস শনাক্তে শেষ মুহূর্তের কঠোর পদক্ষেপ পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। এর দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন।

২২ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট লি জে মিয়ং শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একই সঙ্গে দেশটির প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের সংস্কারের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দেশজুড়ে অনুষ্ঠিত হয় দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’। প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী এতে অংশ নেন। দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার এই পরীক্ষা দেশটির শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবন নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন বলেন, পরীক্ষায় এআই ব্যবহার করে নকল ঠেকাতে কর্তৃপক্ষের নেওয়া শেষ মুহূর্তের পদক্ষেপে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তার দায় তিনি এড়াতে পারেন না। আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া উচিত ছিল বলেও স্বীকার করেন তিনি। এ কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মন্ত্রী।

এই সংকটের সূত্রপাত হয় এর এক সপ্তাহ আগে। দেশটির জাতীয় কর হিসাববিদ পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী এক পরীক্ষার্থী নকলের কথা স্বীকার করেন। হান ওন-সিওক নামের ৩৪ বছর বয়সী ওই পরীক্ষার্থী জানান, মাইক্রোক্যামেরা দিয়ে প্রশ্নের ছবি তুলে এআই টুলে পাঠাতেন। পরে স্মার্টফোনে পাওয়া উত্তর দেখে পরীক্ষায় লিখতেন তিনি।

১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটিতে ভুল করে সর্বোচ্চ ফল অর্জন করায় তাকে ঘিরে সন্দেহ তৈরি হয়েছিল। পরে ভিডিও বার্তায় নিজের অনিয়মের কথা স্বীকার করেন তিনি। তার স্বীকারোক্তির পর পরীক্ষায় লুকানো প্রযুক্তি ব্যবহারের বিষয়টি সামনে আসে।

এ ঘটনার পর পরীক্ষার হলে অননুমোদিত ডিভাইস শনাক্তে তৎপর হয় শিক্ষা কর্তৃপক্ষ। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের সুনেউং পরীক্ষায় ১১১ জন পরীক্ষার্থীর কাছ থেকে অননুমোদিত স্মার্ট ডিভাইস উদ্ধার করা হয়েছে।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পরীক্ষার দিন দেশজুড়ে মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তাও পাঠানো হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টার মধ্যে তিন দফায় এসব বার্তা পাঠানো হয়। এতে সাইলেন্ট মোডে থাকা ফোন এবং ডেটা রোমিং ব্যবহারকারী পর্যটকদের ফোনেও একযোগে সতর্কসংকেত বেজে ওঠে।

প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নেওয়া এই উদ্যোগ শেষ পর্যন্ত নতুন বিতর্ক তৈরি করেছে। একদিকে পরীক্ষার স্বচ্ছতা রক্ষার প্রশ্ন, অন্যদিকে পরীক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার চ্যালেঞ্জ—দুইয়ের মধ্যে ভারসাম্য রাখতে দক্ষিণ কোরিয়ার শিক্ষা ব্যবস্থার দুর্বলতা সামনে এসেছে।

#জাতীয়#সংবাদ#দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী#চোই কিয়ো-জিন পদত্যাগ#এআই দিয়ে পরীক্ষায় নকল#দক্ষিণ কোরিয়া পরীক্ষা কেলেঙ্কারি
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram