গভীর রাতে ঘুমন্ত পরিবারের জন্য আতঙ্কের মুহূর্ত। বাড়ির বাইরে আগুন, দরজার সামনে কেরোসিন এবং পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ। তবে প্রতিবেশীদের দ্রুত এগিয়ে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাবা-মা। খাগড়াছড়িতে তাঁর পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
২২ নভেম্বর রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, গভীর রাতে বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে দরজার সামনে আগুন জ্বলতে দেখতে পান। পরে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাড়ির বাইরের একাধিক জায়গায় আগুন দেওয়া হয়েছিল। তবে তা ঘরের ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি।
ঘটনার পর পুলিশ বাড়িতে গিয়ে তেলের বোতলসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, দুর্বৃত্তরা বাড়ির প্রাচীরের বাইরে থেকে কেরোসিন ঢেলে কাগজের সাহায্যে আগুন লাগানোর চেষ্টা করেছে। দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে হামলার চেষ্টা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এ ঘটনার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। তাঁর অভিযোগ, বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের পাশাপাশি কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করা হয়েছিল। ঘটনার সময় তাঁর বাবা-মা বাড়িতে অবস্থান করছিলেন বলেও জানান তিনি।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম আরও অভিযোগ করেন, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। তবে তাঁর এসব অভিযোগের বিষয়ে পুলিশের তদন্তে এখনো কোনো দায়ী ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়নি।
এ ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা শাখা। দলটির নেতারা হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং তাঁদের বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। এখন পুলিশের তদন্তে অগ্নিসংযোগের চেষ্টার পেছনের কারণ এবং জড়িতদের পরিচয় বেরিয়ে আসে কি না, সেদিকেই নজর স্থানীয়দের।



