দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান আরও বাড়াতে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। জিডিপিতে সিএমএসএমই খাতের অবদান বর্তমান প্রায় ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য সামনে রেখে রাজধানীতে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। এবারের আয়োজনে বিশেষ গুরুত্ব পাচ্ছেন নারী উদ্যোক্তারা।
২২ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশ পরিচালিত হচ্ছে নারী উদ্যোক্তাদের মাধ্যমে।
২১ নভেম্বর শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, দেশে এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ১ কোটি ১৭ লাখ। যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ।
শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ কাজ করেন এ খাতে। সব মিলিয়ে কর্মসংস্থানের পরিমাণ প্রায় ৩ কোটি ৪০ লাখ। এ খাতের উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে অবস্থান করছেন। অন্যদিকে উদ্যোক্তাদের প্রায় ৬৫ শতাংশ নারী। দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।
তবে বর্তমান অবদানকে যথেষ্ট মনে করছে না সরকার। শিল্পমন্ত্রী বলেন, এসএমই খাতের সক্ষমতা ও অর্থনৈতিক অবদান আরও বাড়াতে হবে। ভবিষ্যতে জিডিপিতে এ খাতের অংশীদারত্ব ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারিত হলে নতুন কর্মসংস্থানের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।
এবারের মেলায় দেশীয় উৎপাদন ও সৃজনশীল উদ্যোগের বিস্তৃত পরিসর তুলে ধরা হবে। পাদুকা, চামড়াজাত পণ্য, পাটজাত সামগ্রী, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, হারবাল পণ্য, জুয়েলারি এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।
এ ছাড়া সরকারের অগ্রাধিকারমূলক ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোও মেলায় অংশ নেবে। এর মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের পরিচিতি বাড়ানো এবং নতুন বাজার তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।



