২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

সারাদেশ

সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৬১২:৩১আপডেট: ২৫ নভেম্বর, ২০২৬০৩:৪০
সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বোতলে করে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় ভবনের ভেতরে ১১ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছিলেন। তাদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

১৭ নভেম্বর দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাতকানিয়া সরকারি কলেজের পাশের একটি মসজিদসংলগ্ন গ্রামীণ ব্যাংকের ভবনটি এ ঘটনার লক্ষ্যবস্তু হয়।

ব্যাংক সূত্রে জানা গেছে, ভবনটিতে সাতকানিয়া এরিয়া অফিস এবং ঢেমশা-সাতকানিয়া শাখার কার্যক্রম পরিচালিত হয়। রাতে সেখানে ১১ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছিলেন। একপর্যায়ে জানালা দিয়ে মূল ফটকের কাছে আগুন জ্বলতে দেখতে পান তারা। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত নিচে নেমে এসে নিজেরাই পানি ঢেলে আগুন নেভান। তবে এর আগেই আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।

অগ্নিকাণ্ডে ভবনের বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের সম্পদহানি কিংবা প্রাণহানির ঘটনা ঘটেনি।

গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া ম্যানেজার মাহবুবুর রহমান জানান, ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। আগুন দেখতে পেয়ে তারা দ্রুত নিচে নেমে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন দেওয়ার সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সাতকানিয়া থানা-পুলিশ। এ সময় অগ্নিসংযোগের আলামত সংগ্রহ করা হয়। পাশাপাশি আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থলে বোতলজাতীয় কিছু ব্যবহার করে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। রাত ২টা থেকে ৩টার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ভবনটিতে নিজস্ব সিসিটিভি ক্যামেরা না থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা যায়নি। আশপাশের ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় লিখিত অভিযোগ দিতে ব্যাংক কর্তৃপক্ষকে থানায় আসতে বলা হয়েছে বলে জানান তিনি।

#জাতীয়#সংবাদ#সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন#সাতকানিয়া অগ্নিকাণ্ড#চট্টগ্রাম নিউজ#ব্যাংকে অগ্নিসংযোগ#সাতকানিয়া সংবাদ#ব্যাংক ভবনে আগুন#সাতকানিয়া থানা পুলিশ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram