ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ও নাশকতার অপচেষ্টা ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও তল্লাশি বাড়ানোর পাশাপাশি রাতের অন্ধকারে সন্দেহজনক চলাচল শনাক্ত করতে সার্চলাইট স্থাপন ও থার্মাল প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। নাশকতার উদ্দেশ্যে কেউ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে বিজিবি।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে হিলি সিপি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি বলেন, দেশের অভ্যন্তরে যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও সন্দেহজনক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। এসব কার্যক্রমে নারকোটিক্স ডগসহ আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য ও গুজবের বিষয়েও বিজিবি সতর্ক রয়েছে বলে জানান সেক্টর কমান্ডার। তিনি বলেন, সীমান্তে দায়িত্ব পালনরত সদস্যদের তৎপরতা, প্রস্তুতি ও সক্ষমতা ঠিক আছে কি না, তা সরেজমিন পরিদর্শনের মাধ্যমে তদারকি করা হচ্ছে।
নাশকতার উদ্দেশ্যে কেউ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে কর্নেল ফয়সল হাসান খান বলেন, ‘নাশকতার উদ্দেশ্যে কেউ যদি আসতে চায়, এসে দেখুক-বিজিবি প্রতিরোধ করবে।’
দেশের সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা সব সময় প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদেরও দায়িত্ব রয়েছে উল্লেখ করে সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি, অস্বাভাবিক চলাচল কিংবা কর্মকাণ্ড নজরে এলে দ্রুত বিজিবিকে জানাতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রাতের নিরাপত্তা ও নজরদারি বাড়াতে সার্চলাইট স্থাপন এবং থার্মাল প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব প্রযুক্তি চালু হলে রাতের অন্ধকারেও সীমান্তে সন্দেহজনক চলাচল শনাক্ত করা সহজ হবে বলে আশা করছে বিজিবি।
সীমান্ত পরিদর্শনকালে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীসহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।




