২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

শিক্ষা-প্রযুক্তি

২২ উপজেলার স্কুল-কলেজ-মাদ্রাসার সব শিক্ষার্থী পাবে উপবৃত্তি

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬১৫:১৭আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬০২:৩৫
২২ উপজেলার স্কুল-কলেজ-মাদ্রাসার সব শিক্ষার্থী পাবে উপবৃত্তি
২৪ঘণ্টা টিভিসংগৃহীত

দেশের ২২টি অনগ্রসর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্র-ছাত্রীকে শতভাগ উপবৃত্তির আওতায় আনছে সরকার। আগে ১০টি উপজেলায় এ সুবিধা চালু থাকলেও নতুন করে আরও ১২টি উপজেলা যুক্ত করা হচ্ছে।

উপজেলাগুলো হলো- নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুড়িগ্রাম সদর, রৌমারী, চর রাজিবপুর, চিলমারী, উলিপুর, ভুরুঙ্গামারী, কাহারোল, খানসামা, কুলিয়ারচর, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, খালিয়াজুরী, শাল্লা, ধর্মপাশা, দোয়ারাবাজার, আজমিরীগঞ্জ, হাতিয়া, চৌহালি ও মনপুরা।

তবে উপবৃত্তির সুবিধা পেতে শিক্ষার্থীদের নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো- শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে ৭৫ শতাংশ উপস্থিতি থাকা, বার্ষিক পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পাওয়া, শিক্ষা বোর্ডের নিবন্ধন ও উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত অবিবাহিত থাকা।

নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তির মোট সুবিধাভোগীর সংখ্যা দাঁড়াবে ৯৯ লাখ ৩৪ হাজারে। এর মধ্যে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী সর্বজনীনভাবে উপবৃত্তি পাবে। অন্যদিকে, প্রচলিত দারিদ্র্যভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ছাত্ররাও উপবৃত্তির সুবিধা পাবে।

বিএনপির নির্বাচনি ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’ (হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম)-এর পরিধি সম্প্রসারণের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

এর মূল লক্ষ্য হলো, দেশে নারী শিক্ষার প্রসার, ঝরে পড়ার হার কমানো, বাল্যবিবাহ রোধ এবং সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা জোরদার করা। পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৪) অনুযায়ী সবার জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাধীন ‘ইমপ্রুভিং অ্যাক্সেস অ্যান্ড রিটেনশন থ্রু হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম’ স্কিমের চতুর্থ সংশোধনীতে ব্যয় বাড়িয়ে এর পরিধি সম্প্রসারণ করা হয়েছে।

গত ৮ অক্টোবর অর্থ বিভাগের নীতিগত সিদ্ধান্তের পর ১১ নভেম্বর ডকুমেন্টের অনুমোদন দেয় অর্থ বিভাগ এবং ১২ নভেম্বর প্রশাসনিক অনুমোদন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram