মুখের ত্বকের যে সব অংশ থেকে তেল নিঃসরণ হয়, সেই সব জায়গায় ত্বকের রন্ধ্রপথে তেল জমে, মৃত কোষ জমে মুখ বন্ধ হয়ে গেলে তৈরি হয় ব্ল্যাকহেডস। নাকের উপরে, দুই পাশে, এমনকি থুতনিতেও তা হতে পারে। ব্ল্যাকহেডস তোলার জন্য অনেকেই পার্লারে যান। সে পদ্ধতিও যন্ত্রণাদায়ক। অথচ বাড়িতে খুব সহজেই ব্ল্যাকহেডস দূর করা যায়। হলুদের সঙ্গে মাত্র তিনটি উপকরণ মিশিয়ে নিতে হবে।
বেসন, হলুদ ও দইয়ের প্যাক
১ চা-চামচ বেসন, সামান্য হলুদগুঁড়ো, ১ চামচ টক দই ও কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিন। নাক, থুতনি ও কপালে লাগিয়ে ১০–১৫ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। বেসন ও দই ত্বকের উপরে জমে থাকা ময়লা ও মৃতকোষ দূর করবে, হলুদ ত্বককে সতেজ রাখবে।
হলুদ, চালের গুঁড়ো ও মধুর প্যাক
চালের গুঁড়ো ত্বকের জন্য খুব ভাল স্ক্রাব। তা দিয়ে ব্ল্যাকহেডস থেকেও রেহাই পেতে পারেন। ১ চা-চামচ চালের গুঁড়ো, সামান্য হলুদ ও ১ চা-চামচ মধু মিশিয়ে মিহি মিশ্রণ তৈরি করে নিন। ব্ল্যাকহেডসের উপর লাগিয়ে ১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন করলে ত্বকের কালচে দাগছোপও উঠে যাবে।
হলুদ, ওট্স ও অ্যালো ভেরার প্যাক
ওট্স রোমকূপের ময়লা ও অতিরিক্ত তেল শুষে নিতে সাহায্য করে এবং অ্যালো ভেরা ত্বককে ঠান্ডা রাখে। প্রদাহ কমায়। ওট্সের গুঁড়ো ১ চামচ নিয়ে নিন। তার সঙ্গে আধ চা-চামচ হলুদগুঁড়ো ও ১ চামচ অ্যালো ভেরা মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। এতে ব্ল্যাকহেডসের সমস্যা দূর হবে, ত্বকের কালচে দাগও উঠে যাবে।




