২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

সারাদেশ

ভিক্ষার সময় বেঁধে দিয়ে জরিমানার হুমকি

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬১৯:১২
ভিক্ষার সময় বেঁধে দিয়ে জরিমানার হুমকি
ছবি : সংগৃহীত

ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট সময়সূচি ঘোষণা, নিয়ম ভাঙলে জরিমানা ও কারাদণ্ডের হুমকি—এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন ময়মনসিংহের ফুলপুরের আনোয়ার নামে এক ব্যক্তি। নিজেকে ‘ফকির কমিটির সভাপতি’ পরিচয় দেওয়া ওই ব্যক্তির ৪৫ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে মাইকে কথা বলছেন আনোয়ার। তার ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্য কোনো দিন ভিক্ষা করা যাবে না। ভিক্ষার সময়ও নির্ধারণ করে দিয়েছেন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

নির্ধারিত সময়ের বাইরে কাউকে ভিক্ষা করতে দেখলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং পরবর্তী সময়ে তিন দিনের কারাদণ্ড দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ভিডিওতে নিজের পরিচয় দিতে গিয়ে আনোয়ার জানান, তিনি ফকির কমিটির সভাপতি। কথোপকথনের একপর্যায়ে তার বাড়ি কোথায় জানতে চাইলে তিনি নকলার জালালপুরের বাসিন্দা বলে উল্লেখ করেন।

ফুলপুরে আসার কারণ জানতে চাইলে তিনি দাবি করেন, নকলা থেকে ময়মনসিংহ পর্যন্ত তাদের কার্যক্রমের এলাকা রয়েছে। এমনকি শেরপুর ও বকশীগঞ্জ পর্যন্ত তাদের এলাকা বিস্তৃত বলেও বক্তব্য দেন তিনি।

মো. আল আমিন নামের এক ব্যক্তি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন। পোস্টের ক্যাপশনে তিনি কথিত ফকির কমিটির সভাপতির বক্তব্য নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।

ভিডিওটি প্রকাশের বিষয়ে আল আমিন বলেন, ভিক্ষাবৃত্তির মতো বিষয় নিয়েও কেউ সভাপতি পরিচয়ে এমন কর্তৃত্ব দেখাচ্ছেন, যা সামাজিক অবক্ষয়ের পরিচয়। এর সঙ্গে জরিমানা ও কারাদণ্ডের ভয় দেখানো আরও উদ্বেগজনক।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, ভিডিওটির বিষয়টি তখন পর্যন্ত তার নজরে আসেনি। খোঁজখবর নিয়ে এ বিষয়ে কথা বলতে হবে।

তবে ভিডিওতে বক্তব্য দেওয়া আনোয়ারের পরিচয়, কথিত ফকির কমিটির প্রকৃত অস্তিত্ব কিংবা ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ ও শাস্তি দেওয়ার দাবির কোনো সাংগঠনিক বা আইনি ভিত্তি রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ভিক্ষাবৃত্তির মতো বিষয়কে কেন্দ্র করে ব্যক্তিগতভাবে জরিমানা ও কারাদণ্ডের হুমকি দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে।

#জাতীয়#সংবাদ#ফুলপুরের ভাইরাল ভিডিও#ফকির কমিটির সভাপতি#ভিক্ষার সময় নির্ধারণ#ফুলপুর সংবাদ#সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল#বাংলাদেশ ভাইরাল নিউজ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram