দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং রাজনৈতিক সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে বগুড়া জেলা বিএনপির এক নেতাকে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত নেতা মো. মিজানুর রহমান মিজান জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ছিলেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
২৫ নভেম্বর বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ‘ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের’ সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ হারিয়েছেন তিনি।
শুধু বহিষ্কার করেই ক্ষান্ত হয়নি দলটি। মিজানুর রহমান মিজানের সঙ্গে সাংগঠনিক কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নির্দেশনা অমান্য করে কেউ তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্তের মাধ্যমে সংশ্লিষ্ট নেতাকর্মীদের জন্য কঠোর বার্তা দিয়েছে বিএনপি।



