২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

সারাদেশ

যাত্রাবিরতির দাবিতে ৩ ট্রেন আটকে মানববন্ধন

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬১৩:৩৬আপডেট: ২৫ নভেম্বর, ২০২৬১৪:১০
যাত্রাবিরতির দাবিতে ৩ ট্রেন আটকে মানববন্ধন
২৪ঘণ্টা টিভিসংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৫ নভেম্বর) সকালে লাহিড়ী মোহনপুর রেলস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্টেশনের আশপাশের বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

জানা গেছে, মানববন্ধন চলাকালে এলাকাবাসী রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, একইভাবে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি ও পাবনা থেকে প্রভাতি এক্সপ্রেস ট্রেন অবরুদ্ধ করে রাখেন। পরপর তিনটি ট্রেন প্রায় ২০ মিনিট অবরুদ্ধ থাকার পর লাহিড়ী মোহনপুর স্টেশন ছেড়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে চারটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে এ দাবির কথা জানিয়ে আসলেও তা বাস্তবায়ন না হওয়ায় তারা মানববন্ধন ও ট্রেন অবরোধের মতো কর্মসূচি পালন করেছেন।

এলাকাবাসীর দাবি, লাহিড়ী মোহনপুর স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হলে আশপাশের এলাকার যাত্রীদের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।

লাহিড়ী মোহনপুর স্টেশন মাস্টার রেজওয়ান হোসেন বলেন, আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির জন্য স্থানীয়রা মানববন্ধন করেছেন। সেসময় তারা তিনটি ট্রেন আটকে দেন। পরে প্রতিটি ট্রেন ২০ মিনিট বিলম্বে স্টেশন ছাড়ে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করা হয়। পরে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেয়।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram