২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

দ্বিতীয়বার জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ শুরু

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬২১:০৪
দ্বিতীয়বার জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ শুরু
ছবি : সংগৃহীত

দেশের বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তি যুক্ত করার পথে আরও এক ধাপ এগিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রথম দফার সফল পরীক্ষামূলক সরবরাহের পর দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ পাঠানো শুরু করেছে কেন্দ্রটির প্রথম ইউনিট। ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে শুরু হওয়া এই পরীক্ষায় প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে। এ সময় কেন্দ্রের উৎপাদন ব্যবস্থার পাশাপাশি জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের সমন্বিত পরিচালন সক্ষমতা যাচাই করা হবে।

তিনি জানান, এই পরীক্ষার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ এবং গ্রিডের সঙ্গে সংযুক্ত অবস্থায় কেন্দ্রের বিভিন্ন কারিগরি ব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, প্রথমবার গ্রিড সংযোগের সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার স্থিতিশীলতা পরীক্ষা করা হয়েছে। সেসব পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় প্রয়োজনীয় বিরতির পর দ্বিতীয়বারের মতো সংযোগ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দ্বিতীয় দফায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। সবকিছু বিবেচনায় নিয়ে পরবর্তী সময়ে জাতীয় গ্রিড থেকে কেন্দ্রটির সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ওই দফায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রায় সাড়ে আট ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হয়েছিল। সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা।

পরীক্ষা শেষে সেদিন রাত ১১টা ৫০ মিনিটে জাতীয় গ্রিড থেকে কেন্দ্রটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ধারাবাহিক পরীক্ষা ও কারিগরি প্রস্তুতির অংশ হিসেবে দ্বিতীয়বারের এই গ্রিড সংযোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের এই পর্যায় শেষ হওয়ার পরই কেন্দ্রটির নিয়মিত বাণিজ্যিক উৎপাদনের বিষয়ে পরবর্তী অগ্রগতি স্পষ্ট হবে।

#জাতীয়#সংবাদ#রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র#৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ#বাংলাদেশের বিদ্যুৎ খাত#পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ#Rooppur Nuclear Power Plant#Rooppur Power Plant#Bangladesh Electricity News
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram