দেশজুড়ে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, দেশ ছাড়ার পরও শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার মনোভাবের পরিবর্তন হয়নি। বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশে অবস্থানরত সন্ত্রাসীদের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
২৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ করেন রিজভী। পতিত আওয়ামী লীগ ও দলটির সহযোগীদের বিরুদ্ধে দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য এবং অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিলেও শেখ হাসিনা রাজনৈতিক প্রতিশোধের পথ থেকে সরে আসেননি। ক্ষমতার আকাঙ্ক্ষা থেকেই দেশে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে তিনি দাবি করেন।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, ক্ষমতায় থাকাকালে দীর্ঘ ১৭ বছর মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত করা হয়েছিল। দেশ ছাড়ার পরও সেই রাজনৈতিক আচরণ অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, যানবাহন, পোশাক কারখানা এবং পুলিশের স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনাগুলোকে তিনি পরিকল্পিত নাশকতার অংশ হিসেবে উল্লেখ করেন।
এসব কর্মকাণ্ডে অর্থের জোগান নিয়েও গুরুতর অভিযোগ তোলেন রিজভী। তাঁর দাবি, বিদেশে পাচার করা অর্থ থেকে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠানো হচ্ছে। সেই অর্থ ব্যবহার করে আত্মগোপনে থাকা ব্যক্তিদের দিয়ে সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে।
তবে চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকার প্রশংসা করে রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ধৈর্য ধরে গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অতীতের আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার পথ বেছে নেওয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ভারতের মাটিতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের সাম্প্রতিক তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তাঁর বক্তব্য, ভারতের পেট্রাপোল সীমান্তে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার নেতার বৈঠকের বিষয়টি উদ্বেগজনক। সরকারের অনুমতি বা সবুজ সংকেত ছাড়া সরকারি কর্মকর্তারা কীভাবে পলাতক নেতাদের সঙ্গে বৈঠক করেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রিজভী এই ঘটনাকে সম্ভাব্য ষড়যন্ত্রের ইঙ্গিত হিসেবে উল্লেখ করে বলেন, শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যার সঙ্গে জড়িতদের বাংলাদেশের মাটিতে জায়গা দেওয়া হবে না। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম, প্রকৌশলী এনায়েত হোসেনসহ সংগঠনটির নেতারা।



