দেশের ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এবং ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ক্রীড়া কার্ডধারী খেলোয়াড় ও তাঁদের পরিবারের সদস্যরা ল্যাবএইড হাসপাতাল, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এবং টেলিমেডিসিন সেবায় বিশেষ ছাড় পাবেন।
আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এতে সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ক্রীড়া উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সম্মানজনক পেশা ও জীবিকার ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে। ক্রীড়াবিদদের আর্থসামাজিক উন্নয়নে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা বা ভাতা প্রদানের কার্যক্রমও শুরু হয়েছে।
তিনি বলেন, সরকার এমন একটি ক্রীড়াব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে খেলোয়াড়রা প্রশিক্ষণ, চিকিৎসা, আর্থিক সহায়তা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদার পাশাপাশি অবসর-পরবর্তী জীবনেও সহযোগিতা পাবেন।
প্রতিমন্ত্রী আরও জানান, ক্রীড়া কার্ডের মাধ্যমে ভবিষ্যতে খেলোয়াড়দের জন্য আরও বিভিন্ন কল্যাণমূলক সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে একটি সমন্বিত ক্রীড়াবিদ কল্যাণব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
সমঝোতা স্মারক অনুযায়ী, ক্রীড়া কার্ডধারীরা ল্যাবএইডের বিভিন্ন প্রতিষ্ঠানে বহির্বিভাগের প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ৩০ শতাংশ এবং সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, ইকো, ইটিটি ও আলট্রাসনোগ্রামসহ নির্দিষ্ট পরীক্ষায় ১৫ শতাংশ ছাড় পাবেন। হাসপাতালে ভর্তি রোগীদের বেড চার্জেও বিশেষ ছাড় দেওয়া হবে।
এ ছাড়া ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে প্যাথলজি, বায়োকেমিস্ট্রি ও বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষার পাশাপাশি ভর্তি রোগী এবং কেমো ডে-কেয়ারের বেড চার্জে বিশেষ সুবিধা থাকবে।
অন্যদিকে, লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ক্রীড়া কার্ডধারীরা টেলিমেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, বাসায় নমুনা সংগ্রহ, অ্যাম্বুলেন্স বুকিংয়ে সহায়তা এবং বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার মতো সেবা নির্ধারিত ছাড়ে গ্রহণ করতে পারবেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের ফলে ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণ আরও সহজ হবে। বিশেষ করে টেলিমেডিসিন সেবার মাধ্যমে ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ তৈরি হবে।



