বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের পড়াশোনায় আর্থিক সহায়তা বাড়িয়েছে সরকার। বিশ্বের ৮৪টি বাংলাদেশ মিশনের জন্য নতুন করে শিক্ষাভাতার সীমা নির্ধারণ করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে অধ্যয়নরত দুই সন্তানের জন্য সর্বোচ্চ ৩৮ হাজার মার্কিন ডলার বা প্রায় ৪৭ লাখ ৩৪ হাজার টাকা পর্যন্ত শিক্ষাভাতা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-২ শাখা গত ১৯ নভেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি বছরের ২০ এপ্রিল পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে জারি করা হয়েছে।
নতুন সিদ্ধান্তে বিদেশের ৮৪টি বাংলাদেশ মিশনকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। সংশ্লিষ্ট দেশের জীবনযাত্রার ব্যয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের খরচ বিবেচনায় নিয়ে এ-লেভেল এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের জন্য পৃথক ভাতার সীমা নির্ধারণ করা হয়েছে।
চার গ্রুপে ভাতার পরিমাণ
গ্রুপ ‘ক’-এর ১৫টি মিশনে সবচেয়ে বেশি শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে। এসব মিশনে এ-লেভেল পর্যায়ে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার দেওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একজনের জন্য ২৫ হাজার এবং দুই সন্তানের জন্য সর্বোচ্চ ৩৮ হাজার ডলার পর্যন্ত শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় দুই সন্তানের জন্য এ অঙ্ক ৪৭ লাখ ৩৪ হাজার ৪০ টাকা।
এই গ্রুপে রয়েছে বেইজিং, সিউল, টোকিও, হংকং, জাকার্তা, দোহা, ব্রাসেলস, জেনেভা, হেগ, স্টকহোম, ওয়ারশ, ভিয়েনা, মিলান, প্যারিস ও মস্কোর বাংলাদেশ মিশন।
গ্রুপ ‘খ’-এর ৪১টি মিশনে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে একই হারে শিক্ষাভাতা দেওয়া হবে। একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার পর্যন্ত পাওয়া যাবে। বাংলাদেশি মুদ্রায় দুই সন্তানের জন্য এর পরিমাণ ৩৯ লাখ ৮৬ হাজার ৫৬০ টাকা।
এ গ্রুপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশের বাংলাদেশ মিশন অন্তর্ভুক্ত রয়েছে।
গ্রুপ ‘গ’-এর ১৯টি মিশনে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় দুই সন্তানের জন্য এ পরিমাণ ৩৪ লাখ ৮৮ হাজার ২৪০ টাকা। এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক—দুই পর্যায়েই একই সীমা কার্যকর হবে।
এই গ্রুপে রয়েছে সিঙ্গাপুর, ভিয়েতনাম, ফিলিপাইন, ব্রুনাই, মালদ্বীপ, লেবানন, বাহরাইন, মিসর, ইরান, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, লিবিয়া, সিয়েরা লিওন, গ্রিস, ডেনমার্ক, জার্মানি ও পর্তুগালের বাংলাদেশ মিশন।
অন্যদিকে গ্রুপ ‘ঘ’-এর নয়টি মিশনে তুলনামূলক কম শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে। এ-লেভেল পর্যায়ে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২০ হাজার ৫০০ ডলার এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে একজনের জন্য ২১ হাজার এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার পর্যন্ত ভাতা দেওয়া হবে।
এই গ্রুপে রয়েছে চীনের কুনমিং, শ্রীলঙ্কার কলম্বো, ভারতের কলকাতা, গৌহাটি ও আগরতলা, উজবেকিস্তানের তাসখন্দ, ওমানের মাস্কাট, মরক্কোর রাবাত এবং মরিশাসের পোর্ট লুইসের বাংলাদেশ মিশন।
ভাতা পাওয়ার ক্ষেত্রে যেসব শর্ত মানতে হবে
শিক্ষাভাতা ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কয়েকটি শর্ত নির্ধারণ করেছে অর্থ বিভাগ। নিয়ম অনুযায়ী, সন্তানের শিক্ষার প্রকৃত ব্যয়ের ১৫ শতাংশ বহন করতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীকে। বাকি ৮৫ শতাংশ সরকার দেবে। তবে সরকারি সহায়তার পরিমাণ কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট গ্রুপের নির্ধারিত সর্বোচ্চ সীমা অতিক্রম করতে পারবে না।
একই সময়ে সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে। অর্থাৎ দুইয়ের বেশি সন্তান থাকলেও একসঙ্গে দুজনের বেশি সন্তানের জন্য শিক্ষাভাতা পাওয়া যাবে না।
এ ছাড়া ভাতার অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা দেওয়া যাবে না। ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কিংবা অন্য কোনো ডিজিটাল পদ্ধতিতে সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অর্থ পাঠাতে হবে।
তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সম্পূর্ণ ফি একসঙ্গে পরিশোধের বাধ্যবাধকতা থাকলে প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিয়ে এবং নিজের ১৫ শতাংশ অংশ নির্ধারিত হিসাবে জমা রাখার শর্তে মিশন কর্তৃপক্ষ পুরো অর্থ পরিশোধ করতে পারবে।
অন্যদিকে, যেসব দেশে ইংরেজি মাধ্যমে মাধ্যমিক বা উচ্চশিক্ষার পর্যাপ্ত সুযোগ নেই, সেসব দেশে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সন্তানদের অন্য কোনো ইংরেজিভাষী দেশে পড়াশোনার ব্যবস্থা করলে সংশ্লিষ্ট কর্মস্থলের বাংলাদেশ মিশনের অনুমোদিত সীমা অনুযায়ীই শিক্ষাভাতা পাবেন।
সরকারের এ সিদ্ধান্তের ফলে বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের উচ্চশিক্ষার ব্যয় মেটাতে বাড়তি আর্থিক সহায়তার সুযোগ তৈরি হলো। একই সঙ্গে নির্দিষ্ট সীমা, নিজস্ব অংশ বহনের বাধ্যবাধকতা এবং সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থ পাঠানোর নিয়মের মাধ্যমে ভাতা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।



