২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

অর্থনীতি

চামড়া শিল্পে ঋণের সুদ মওকুফ চান উদ্যোক্তারা

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬২০:২৫আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬০২:৩৫
চামড়া শিল্পে ঋণের সুদ মওকুফ চান উদ্যোক্তারা
ছবি : সংগৃহীত

হাজারীবাগ থেকে সাভারে কারখানা স্থানান্তরের পর বাড়তি ঋণের বোঝায় চাপে পড়েছে দেশের চামড়া শিল্প। এই সংকট কাটাতে ২০১৭ সাল থেকে নেওয়া ঋণের সুদ মওকুফ, দুই বছরের গ্রেস পিরিয়ড এবং ১২ বছরে ঋণ পরিশোধের সুযোগ চেয়েছেন খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। একই সঙ্গে ঋণের সুদহার কমানো, নগদ সহায়তা বাড়ানো ও আমদানি-রপ্তানিতে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব দিয়েছেন তারা।

দেশের চামড়া শিল্পকে আর্থিক সংকট থেকে ঘুরে দাঁড় করাতে সরকারের কাছে একগুচ্ছ সুবিধা চেয়েছেন ট্যানারি মালিক ও রপ্তানিকারকরা। তাদের দাবি, কারখানা স্থানান্তরের কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে বিশেষ ঋণ সুবিধা ও নীতিগত সহায়তা প্রয়োজন।

সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব প্রস্তাব তুলে ধরেন চামড়া শিল্পের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। সভায় বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ), ফুটওয়্যার লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (এফএলএক্সএ) এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঋণের সুদ মওকুফ ও দীর্ঘমেয়াদি পরিশোধের দাবি

ব্যবসায়ীদের অন্যতম প্রধান দাবি, ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত নেওয়া ঋণের ওপর আরোপিত ও অনারোপিত সুদ মওকুফ করতে হবে। বিকল্প হিসেবে সুদমুক্ত ঋণ সুবিধা দিয়ে দুই বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ১২ বছরে ঋণ পরিশোধের সুযোগ চান তারা।

এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বকেয়া ঋণের একটি অংশ মওকুফ করে ঋণ পুনর্নির্ধারণ, তফসিলভুক্ত ব্যাংকের ঋণের সুদহার ১৩ দশমিক ৫ শতাংশ থেকে কমানো এবং অনাদায়ি ঋণ আদায় বা সমন্বয়ের আবেদনের সময়সীমা ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

চামড়া খাতের জন্য সর্বোচ্চ তিন বছরের গ্রেস পিরিয়ডসহ ১০ বছর মেয়াদে ঋণ বিতরণের ব্যবস্থাও চেয়েছেন উদ্যোক্তারা। পাশাপাশি এক্সপোর্ট ফ্যাসিলিটেশন ফান্ডের (ইএফএফ) ঋণসীমা ৭ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৫০ কোটি টাকা করার প্রস্তাব রয়েছে।

পোস্ট-শিপমেন্ট ফাইন্যান্সের শর্ত শিথিল, অতিরিক্ত সুদহার কমানো এবং স্থানীয় মুদ্রার হিসাব থেকে টিটি পেমেন্টের সর্বোচ্চ সীমা ২০ হাজার ডলার থেকে বাড়িয়ে ২ লাখ ডলার করার দাবিও জানিয়েছেন তারা।

শুল্ক-কর ছাড় ও নগদ সহায়তার প্রস্তাব

ঋণ সুবিধার পাশাপাশি উৎপাদন ব্যয় কমাতে আমদানি-রপ্তানি ও কর কাঠামোতেও পরিবর্তন চান ব্যবসায়ীরা। শতভাগ রপ্তানিমুখী ট্যানারির কাঁচামাল, রাসায়নিক উপাদান ও যন্ত্রপাতি আমদানিতে উৎস কর ও সারচার্জ প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে।

কাঁচা চামড়াকে কৃষিপণ্য হিসেবে বিবেচনা করে উৎস করমুক্ত রাখা, অগ্রিম আয়কর প্রত্যাহার এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে শুল্ক, ভ্যাট ও অন্যান্য ফি কমানোর দাবি রয়েছে।

এ ছাড়া বন্দরে ফ্রি ডেমারেজ সুবিধা চার দিন থেকে বাড়িয়ে ১০ দিন করা, পুরোনো সুপারভাইজড বন্ড ব্যবস্থা চালু এবং কাঁচামাল আমদানিতে শুল্ক বন্ড বা ডিউটি ড্রব্যাক সুবিধা নেওয়া ও না নেওয়া—উভয় শ্রেণির ব্যবসায়ীদের ৯০ শতাংশ নগদ সহায়তা দেওয়ার প্রস্তাব করেছেন উদ্যোক্তারা। এই সহায়তা পরবর্তী তিন বছর অব্যাহত রাখার কথাও বলা হয়েছে।

পাদুকা, ব্যাগ ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি আমদানিতে তৈরি পোশাক শিল্পের মতো শুল্ক ও ভ্যাট অব্যাহতি চান তারা। পাশাপাশি বিদেশি ক্রেতা মূল্য পরিশোধে ব্যর্থ হলে ব্যবসায়ীদের সুরক্ষায় ক্রেডিট ইনস্যুরেন্স চালু এবং বিশেষ ধরনের বায়ারস আরএফআইডি ট্যাগের ওপর শুল্ক ও ফি কমানোর প্রস্তাবও রয়েছে।

স্থানান্তরের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

চামড়া শিল্পসংশ্লিষ্টদের ভাষ্য, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগের অংশ হিসেবে ২০১৭ সালের দিকে হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্পনগরীতে ট্যানারি স্থানান্তর করা হয়। নতুন স্থানে কারখানা নির্মাণ, যন্ত্রপাতি স্থানান্তর, পরিবেশবান্ধব প্রযুক্তি স্থাপন এবং উৎপাদন কার্যক্রমে বিঘ্নের কারণে অনেক প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির মুখে পড়ে।

এই পরিস্থিতিতে ব্যাংকঋণের কিস্তি পরিশোধ কঠিন হয়ে ওঠে। সময়ের সঙ্গে সুদের বোঝা বাড়তে থাকায় কোনো কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঋণের সুদ মূল ঋণের পরিমাণকেও ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন উদ্যোক্তারা।

তাদের মতে, ঋণ পরিশোধের চাপ কমানো গেলে বন্ধ বা সংকটে থাকা অনেক কারখানার উৎপাদন কার্যক্রম পুনরায় সচল করা সম্ভব হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে উৎপাদন ব্যয় কমানো জরুরি।

প্রস্তাব পর্যালোচনার আশ্বাস সরকারের

সভায় উপস্থিত অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, চামড়া শিল্পের সংগঠনগুলোর প্রস্তাব গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারের লক্ষ্য চামড়া খাতের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা এবং উদ্যোক্তাদের আর্থিক চাপ কমানো। এ জন্য প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ওই কর্মকর্তা।

তবে ব্যবসায়ীদের মতে, শুধু ঋণ পুনর্গঠন বা সুদ মওকুফ করলেই চামড়া শিল্পের দীর্ঘমেয়াদি সংকট কাটবে না। পরিবেশবান্ধব প্রযুক্তি স্থাপন, দক্ষ জনবল তৈরি, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং নতুন আন্তর্জাতিক বাজার খুঁজে বের করার ক্ষেত্রেও সরকারি সহায়তা প্রয়োজন।

#জাতীয়#সংবাদ#চামড়া শিল্প#ট্যানারি শিল্প#ঋণের সুদ মওকুফ#সাভার চামড়া শিল্পনগরী#চামড়া খাতের সংকট#সুদহার কমানো#শিল্প মন্ত্রণালয়#বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram