২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

কৃষি সমাচার

ভেজাল সার-কীটনাশকের বিরুদ্ধে অভিযানে নয় প্রয়োজন সংস্কার

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬১৯:৪৮আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬০২:৩৫
ভেজাল সার-কীটনাশকের বিরুদ্ধে অভিযানে নয় প্রয়োজন সংস্কার

কৃষিজমির পরিমান নির্দিষ্ট। কিন্তু বাড়ছে ফসলের নিবিরতা। জমির পুষ্টি উপাদান কমে যাচ্ছে। যোগ হচ্ছে নিত্যনতুন ফসলের জাত। পরিবর্তন হচ্ছে জলবায়ু। বাড়ছে রোগবালাই। কিন্তু কৃষকদের দৃষ্টি উপাদন বাড়ানোর দিকে। ব্যবহার করছে সার, বালাইনাশক। যা উৎপাদন বাড়াতে প্রয়োজন। স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর নয়। কিন্তু বিপত্তি সঠিক মাত্রা এবং নিয়মানুযায়ী ব্যবহার নিয়ে। সার ও কীটনাশক ব্যবহার মানেই ক্ষতি নয়। অনুমোদিত পণ্য সঠিক মাত্রায় ব্যবহার করলে ফলন বাড়ে, ফসলও রক্ষা পায়। কিন্তু বাংলাদেশের মাঠে দুটি সংকট একসঙ্গে কাজ করছে। এক, বাজারে ভেজাল ও নিম্নমানের উপকরণ। দুই, সঠিক মাত্রা না জানার কারণে বেশিরভাগ কৃষকের ভুল ব্যবহার।

জানুয়ারিতে সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে ভেজাল সার তৈরি ও নিম্নমানের দস্তা, বোরন ও টিএসপি বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। জুনে মাগুরার মহম্মদপুরে ২০২৪ সালে মেয়াদ শেষ হওয়া কীটনাশকের মেয়াদ মুছে ২০২৭ সালের জাল সিল দিয়ে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দোকান সাত দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সেপ্টেম্বরে কেরানীগঞ্জে এক অবৈধ কারখানা দীর্ঘদিন ধরে ভেজাল সার তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছিল বলে অভিযোগ ওঠে। সবশেষ নভেম্বরে নওগাঁর মহাদেবপুরে একটি কারখানা সিলগালা করা হয়, যেখান থেকে কয়েক টন নকল সার, কীটনাশক ও ভেজাল তৈরির রাসায়নিক জব্দ হয়।

ভেজাল ঠেকালেই সমস্যা শেষ হয় না। বিশ্বব্যাংকের ১৫ জুন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মাত্র ৫ শতাংশ কৃষক নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও সালফারের সুষম মিশ্রণ ব্যবহার করেন। বাকি প্রায় ৯৫ শতাংশ অসম মাত্রায় সার দেন। প্রতিবেদনের হিসাবে এই ভারসাম্যহীনতা সংশোধন করা গেলে বোরো ধানে ৩৩ শতাংশ, আমনে ৬৫ শতাংশ এবং আলুতে ৮৭ শতাংশ পর্যন্ত ফলন বাড়তে পারে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী প্রায় দুই-তৃতীয়াংশ কৃষক প্রয়োজনের চেয়ে বেশি ফসফরাস দেন, আর প্রায় ৯০ শতাংশ কৃষক সালফার ও ৬০ শতাংশ পটাশিয়াম কম দেন। এর পেছনে কৃষকের অবহেলা নয়, তথ্যের ঘাটতিই বড় কারণ। বিশ্বব্যাংকের এক গবেষণা বিশ্লেষকের মতে, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সুপারিশ থাকলেও তা কৃষকের কাছে কার্যকরভাবে পৌঁছায় না। ফলে অনেকে ঐতিহ্যগত পদ্ধতিতেই চলেন।

কীটনাশকের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে একক সর্বশেষ জরিপ না থাকলেও বিভিন্ন গবেষণায় একই ধরনের চিত্র মেলে। বিশ্বব্যাংকের একটি গবেষণা অনুযায়ী প্রায় ৪৭ শতাংশ কৃষক অনুমোদিত মাত্রার চেয়ে বেশি কীটনাশক ব্যবহার করেন। বেগুন, শিম ও আলুর মতো সবজি চাষে এই হার কিছু অঞ্চলে আরও বেশি বলে গবেষণায় উঠে এসেছে। কীটনাশক ব্যবহারে আনুষ্ঠানিক প্রশিক্ষণ আছে মাত্র ৪ শতাংশ কৃষকের। বেশিরভাগই মাত্রা ঠিক করেন ডিলার বা বিক্রেতার কথায়। এখানে দুটি সমস্যা জড়িয়ে যায়: বিক্রেতার পরামর্শের ওপর নির্ভরতা, আর বাজারে নিম্নমানের পণ্যের উপস্থিতি।

বিশ্বব্যাংক বলছে, সার ভর্তুকি এখন কৃষি মন্ত্রণালয়ের বাজেটের প্রায় ৮০ শতাংশ। প্রতিবেদন অনুযায়ী ভর্তুকির প্রায় অর্ধেক সুবিধা যায় শীর্ষ ২০ শতাংশ ভূমিমালিকের হাতে, নিচের ৪০ শতাংশ পান মাত্র ১৫ শতাংশের মতো। সংস্থাটি মাটি পরীক্ষা সম্প্রসারণ, কৃষক পরামর্শ সেবা জোরদার এবং কৃষক কার্ড ও ই-ভাউচার চালুর মতো সংস্কারের সুপারিশ করেছে। অর্থাৎ ভর্তুকিতে বিপুল অর্থ গেলেও মাটি পরীক্ষা ও পরামর্শের মতো যে খাতগুলো কৃষককে সঠিক সিদ্ধান্তে পৌঁছে দেয়, সেগুলোতে বিনিয়োগ কম।

যশোরের চৌগাছায় জানুয়ারিতে সংগৃহীত নমুনায় ৫০ কেজি দস্তা সার নকল প্রমাণিত হয়, কিন্তু ব্যবস্থা নেওয়া হয় মে মাসে, জরিমানা হয় মোট আট হাজার টাকা। এই বিলম্বে ভেজাল পণ্য কৃষকের জমিতে পৌঁছে যেতে পারে। তালায় প্রায় পাঁচ লাখ টাকার নকল সার-কীটনাশক জব্দের ঘটনায় এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে। ভেজালের মুনাফার তুলনায় এই দণ্ড কতটা প্রতিরোধমূলক, তা ভাবা দরকার। বালাইনাশক আইন, ২০১৮-এ নিবন্ধন, লাইসেন্স, বাংলা লেবেল ও সরকারি পরীক্ষাগারের বিধান আছে। আইনের কাঠামো আছে, ঘাটতি নিয়মিত তদারকি, দ্রুত পরীক্ষা ও ধারাবাহিক প্রয়োগে।

উপজেলা পর্যায়ে নিয়মিত নমুনা সংগ্রহ ও দ্রুত পরীক্ষা, যাতে ভেজাল পণ্য কৃষকের হাতে পৌঁছানোর আগেই সরানো যায়।

মাটি পরীক্ষার সুযোগ বাড়ানো এবং বিএআরসির সুপারিশ সহজ ভাষায় সরাসরি কৃষকের কাছে পৌঁছে দেওয়া।

কীটনাশক ব্যবহারে কৃষক প্রশিক্ষণ বাড়ানো এবং ডিলারদের পরামর্শের মান ও জবাবদিহি নিশ্চিত করা।

উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত কৃষি উপকরণের উৎস শনাক্ত করার ব্যবস্থা (ট্রেসেবিলিটি) গড়ে তোলা।

সরকার কৃষি উদ্যোক্তা প্রকল্পে এমন একটি উপাদান রাখার কথা ভাবছে। ভর্তুকি ব্যবস্থার নকশা এমনভাবে বদলানো, যাতে সহায়তা ক্ষুদ্র কৃষকের কাছে পৌঁছায় এবং সুষম ব্যবহারে উৎসাহ দেয়।

মোদ্দাকথা কৃষককে দোষারোপ করে পিছিয়ে পড়া যাবে না। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সরকার এবং সচেতন মহলকে একসাথে কাজ করতে হবে। নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিৎ করার জন্য যৌথ উদ্দ্যোগে কৃষকের হাতে ভেজালমুক্ত উপকরণ ও সঠিক তথ্য, দুটোই পৌঁছিয়ে দিতে হবে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram