দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট সেনাসদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট একমাত্র জীবিত ব্যক্তি হিসেবে উদ্ধার হয়েছেন।
কর্তৃপক্ষ জানায়, মাদক উৎপাদন ও পাচারের জন্য পরিচিত দুর্গম এলাকা সানাবাম্বা শহরের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নদী উপত্যকায় সেনাবাহিনীর একটি টহল দলকে সরিয়ে নেওয়ার অভিযানে অংশ নিয়েছিল হেলিকপ্টারটি।
‘কোকেন ভ্যালি’ নামে পরিচিত এই অঞ্চল পেরুর সবচেয়ে বড় কোকা পাতা উৎপাদন এলাকা। সেখানে বিভিন্ন অপরাধী চক্রের পাশাপাশি সাবেক বিদ্রোহী সংগঠন শাইনিং পাথের অবশিষ্ট সদস্যদের তৎপরতা রয়েছে।
পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অনুসন্ধান ও উদ্ধারকারী দল হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ এবং এতে থাকা নয়জন সামরিক সদস্যকে শনাক্ত করেছে। তাদের মধ্যে আটজন নিহত হয়েছেন।
বিবৃতিতে পাইলটের নাম এনজো এসপিনোজা রোক বলে উল্লেখ করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী লিমায় নেওয়া হয়েছে।
তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।




