২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

বিনোদন

১২ কেজি ওজন বাড়িয়ে কঠিন পরীক্ষায় শ্রদ্ধা কাপুর

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬১৩:৪১আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬০২:৪৭
১২ কেজি ওজন বাড়িয়ে কঠিন পরীক্ষায় শ্রদ্ধা কাপুর
ছবি : সংগৃহীত

পর্দায় একটি চরিত্রকে বাস্তবসম্মত করে তুলতে অভিনেতাদের নানা ধরনের শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। এবার তেমনই এক কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। নতুন সিনেমা ‘ইথা’র চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ থেকে ১২ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। আর বাড়তি ওজন নিয়ে ঐতিহ্যবাহী লাবনি নাচের কঠিন মুদ্রা আয়ত্ত করতে গিয়ে পড়তে হয়েছে শারীরিক চ্যালেঞ্জে। শুধু তাই নয়, সিনেমার শুটিংয়ের দ্বিতীয় দিনেই গুরুতর চোট পান অভিনেত্রী।

সিনেমাটির নৃত্য পরিচালক বৈভবী মার্চেন্ট সম্প্রতি শ্রদ্ধার এই কঠিন প্রস্তুতি ও শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ভারতীয় বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানোর পর দ্রুতগতির নাচের ধাপগুলো অনুশীলন করা শ্রদ্ধার জন্য বেশ কঠিন হয়ে উঠেছিল।

বৈভবী জানান, পরিচালক লক্ষ্মণ উতেকর সিনেমাটির শুটিং প্রচলিত ধারার বাইরে গিয়ে শেষের দিকের গানের দৃশ্য দিয়ে শুরু করার সিদ্ধান্ত নেন। ফলে চরিত্রের যে পর্যায়ে শ্রদ্ধার ওজন ১০ থেকে ১২ কেজি বেশি থাকার কথা, সেই অবস্থাতেই তাঁকে প্রথমে কঠিন নাচের দৃশ্য ধারণ করতে হয়।

বাড়তি ওজনের কারণে দ্রুত নাচের মুদ্রা পরিবর্তনের সময় হাঁটু ও পায়ের পেশিতে বাড়তি চাপ তৈরি হচ্ছিল। এতে তাঁর শারীরিক সক্ষমতার ওপরও প্রভাব পড়ছিল। পরিস্থিতি সামাল দিতে ধাপে ধাপে কঠোর মহড়া চালানো হয়। প্রতিবার এক ঘণ্টা করে অনুশীলনের মাধ্যমে তাঁকে প্রস্তুত করা হচ্ছিল।

তবে প্রস্তুতির মধ্যেই ঘটে দুর্ঘটনা। শুটিংয়ের দ্বিতীয় দিন দুপুরের খাবারের বিরতির ঠিক আগে খালি পায়ে নাচছিলেন শ্রদ্ধা। দিনের তাপে শুটিংয়ের মেঝে উত্তপ্ত হয়ে ওঠায় পায়ের সঙ্গে মেঝের ঘর্ষণ থেকে তিনি চোট পান।

বৈভবী মার্চেন্টের ভাষ্য অনুযায়ী, এই ঘটনা পুরো টিমের মনোবলে প্রভাব ফেলেছিল। পরে শ্রদ্ধাকে সুস্থ করে তুলতে প্রায় ছয় সপ্তাহ থেকে দুই মাস পর্যন্ত বিরতি নিতে হয়। চলে নিয়মিত ফিজিওথেরাপি ও শারীরিক পুনর্বাসন।

এরপর নতুন করে শুটিং শুরু হলে নাচের প্রতিটি পর্বের আগে ও পরে বাধ্যতামূলকভাবে ওয়ার্মআপ, কুলডাউন এবং ফিজিওথেরাপির ব্যবস্থা করা হয়। বিশেষ করে লাবনি নাচের শারীরিক চাপ সামলাতে এই সতর্কতা নেওয়া হয়েছিল।

মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী তামাশা ও লাবনি নৃত্যশিল্পের পটভূমিতে নির্মিত হয়েছে ‘ইথা’। সিনেমাটি শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত। শ্রদ্ধা কাপুরের পাশাপাশি এতে অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান ও অনন্ত যোশী।

সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। চরিত্রের জন্য শ্রদ্ধার এই শারীরিক প্রস্তুতি ও কঠিন নৃত্যচর্চা সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

#জাতীয়#সংবাদ#শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা#ইথা সিনেমা#শ্রদ্ধা কাপুরের ওজন বৃদ্ধি#শ্রদ্ধা কাপুর আহত#লাবনি নাচ#বিঠাবাই নারায়ণগাঁওকর#Shraddha Kapoor Injury
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram