অবশেষে স্বস্তি ফিরেছে কক্সবাজারের ইনানীতে। টানা ৩১ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। শুক্রবার সকালে বিশেষ কারিগরি কৌশলে কূপে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন করে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনার পর আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। দীর্ঘদিনের উৎকণ্ঠা কাটলেও এখন মূল চ্যালেঞ্জ কূপটিকে পুরোপুরি নিরাপদ করা।
বাপেক্স সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণের জন্য প্রথমে কূপ থেকে বের হওয়া গ্যাসের প্রবাহের গতিপথ পরিবর্তন করা হয়। এ কাজে কেসিং লাইনের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইন ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে গ্যাস অন্যদিকে সরিয়ে নেওয়ায় কূপের মুখে চাপ কমে আসে। পরে ৩০ ইঞ্চি কেসিং স্থাপনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
তবে আগুন নিভে যাওয়াই পুরো কাজের শেষ নয়। কূপের ভেতরে জমে থাকা গ্যাসের চাপ নিয়ন্ত্রণ এবং অনিয়ন্ত্রিত গ্যাস নির্গমন বন্ধ করাই এখন বাপেক্সের প্রধান লক্ষ্য।
পরবর্তী ধাপে কূপের ভেতরে আবার ড্রিল পাইপ প্রবেশ করিয়ে প্রায় এক হাজার ফুট পর্যন্ত খননের পরিকল্পনা রয়েছে। এ সময় বিশেষ ধরনের ড্রিলিং মাড ব্যবহার করা হবে। এর মাধ্যমে ভূগর্ভের গ্যাসের চাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি কূপের ভেতরে প্রয়োজনীয় ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টা করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, খননকাজ শেষ হলে কূপের ফরমেশন প্রেসার বা ভূগর্ভস্থ চাপের অবস্থা মূল্যায়ন করা হবে। এরপর প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নিয়ে ভূগর্ভ থেকে অনিয়ন্ত্রিত গ্যাস বের হওয়ার পথ স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।
বাপেক্সের বিভাগীয় প্রধান শ্যামল কুমার জানান, কেসিং স্থাপন এবং ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করেই আগুন নেভানো সম্ভব হয়েছে। এখন ধাপে ধাপে কূপটিকে নিরাপদ অবস্থায় ফিরিয়ে আনার কাজ চলবে।
তিনি আরও জানান, কূপটি নিরাপদ করার পর ইনানী এলাকায় নতুন করে ভূতাত্ত্বিক ও সিসমিক জরিপ পরিচালনা করা হবে। এসব জরিপের মাধ্যমে ভূগর্ভে কী পরিমাণ গ্যাসের সম্ভাবনা রয়েছে, তা যাচাই করা হবে। পরবর্তী সময়ে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন সম্ভব কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে আসার পর গ্যাসের দুটি নমুনা সংগ্রহ করেছে বাপেক্স। সংস্থাটির ব্যবস্থাপক এসএম নাফিসুল আরফান জানান, নমুনা দুটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। পরীক্ষায় গ্যাসের রাসায়নিক উপাদান, গঠন ও গুণগত মান সম্পর্কে বিস্তারিত জানা যাবে। একই সঙ্গে এই গ্যাস বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য কি না, সেটিও মূল্যায়ন করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ চলার সময় হঠাৎ ভূগর্ভ থেকে প্রচণ্ড চাপে গ্যাস বের হতে শুরু করে। কিছুক্ষণ পর পাশের বৈদ্যুতিক তারের স্ফুলিঙ্গ থেকে গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে টানা ৩১ দিন ধরে জ্বলছিল আগুন।
দীর্ঘ প্রচেষ্টা ও কারিগরি ব্যবস্থাপনার পর শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলো বাপেক্স। এখন দেখার বিষয়, জরিপ ও পরীক্ষার ফলাফলে ইনানীতে নতুন গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা কতটা উজ্জ্বল হয়ে ওঠে।



