২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

অর্থনীতি

শীতের বাজারেও সবজির দামে আগুন

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৬১২:৪৭আপডেট: ২৮ নভেম্বর, ২০২৬০২:৩৮
শীতের বাজারেও সবজির দামে আগুন
ছবি : সংগৃহীত

শীতের মৌসুম শুরু হলেও রাজধানীর সবজির বাজারে এখনো স্বস্তি ফিরছে না। বরং কয়েক দিনের ব্যবধানে আবারও বেড়েছে বেশির ভাগ সবজির দাম। বৃষ্টিতে ফসলের ক্ষতি এবং বাজারে সরবরাহ কমে যাওয়াকে মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দেখছেন বিক্রেতারা। এতে বাড়তি দামের চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। অনেকেই প্রয়োজন অনুযায়ী সবজি কিনতে না পেরে পরিমাণ কমিয়ে বাজার করছেন।

২৭ নভেম্বর রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৮০ থেকে ১২০ টাকার মধ্যে। এর মধ্যে পটল বিক্রি হচ্ছে ৮০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা, শিম ১০০ থেকে ১২০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকায়। গোল বেগুনের কেজি ১২০ টাকা। হাইব্রিড শসা ১০০ এবং দেশি শসা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া মিষ্টি কুমড়া ৬০ টাকা, মুলা ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, কচু ১০০ টাকা, ধুন্দুল ও চিচিঙ্গা ১০০ টাকা এবং শালগম ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৯০ টাকায়। মাঝারি আকারের ফুলকপি ৫০ টাকা এবং বাঁধাকপি ৬০ টাকা। কাঁচা কলার হালি মিলছে ৪০ থেকে ৫০ টাকায়।

বাজারের এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। বাড্ডার বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী রহিদুল ইসলাম বলেন, কিছুদিন আগেও সবজির দাম কমতে শুরু করেছিল। কিন্তু এখন আবার দাম বেড়েছে। পেঁপে ছাড়া অধিকাংশ সবজির দামই বেশি। অনেক সবজি ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। বাড়তি দামের কারণে এক কেজির বদলে আধা কেজি করে সবজি কিনতে হচ্ছে।

রামপুরা বাজারের ক্রেতা সাজ্জাদ হোসেন বলেন, শীতের সময় সাধারণত সবজির দাম কম থাকার কথা। কিন্তু এখনো বাজারে ৮০ থেকে ১২০ টাকা কেজি দরের সবজিই বেশি। মৌসুম শুরু হলেও সাধারণ মানুষের জন্য বাজারে স্বস্তি নেই।

বিক্রেতাদের ভাষ্য, কয়েক দিন আগের আকস্মিক বৃষ্টিতে বিভিন্ন এলাকার সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাজারে সরবরাহ কমেছে। চাহিদার তুলনায় সবজির পরিমাণ কম থাকায় দাম বেড়েছে। মালিবাগ বাজারের বিক্রেতা খোরশেদ আলম জানান, কিছুদিন আগেও সবজির দাম তুলনামূলক কম ছিল। তবে বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হওয়ায় সরবরাহে প্রভাব পড়েছে।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার কথা নয়। শীতের নতুন সবজি বাজারে আসতে শুরু করলে সরবরাহ বাড়বে। তখন দামও ধীরে ধীরে কমে আসবে।

সব মিলিয়ে শীতের মৌসুমে কম দামে সবজি কেনার যে প্রত্যাশা ছিল, তা এখনো পূরণ হচ্ছে না। বাজারে নতুন ফসলের সরবরাহ বাড়ার অপেক্ষায় রয়েছেন ক্রেতারা। তবে সেই স্বস্তি কবে ফিরবে, সেটিই এখন সাধারণ মানুষের প্রশ্ন।

#জাতীয়#সংবাদ#রাজধানীর সবজির বাজার#শীতের সবজি বাজারদর#বৃষ্টিতে ফসলের ক্ষতি#সবজির মূল্যবৃদ্ধি#আজকের বাজারদর
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram