২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

ক্রীড়া

১০ জনের দল নিয়েই ইতিহাস গড়ল ইংলিশ ক্লাব

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৬১২:২৩আপডেট: ২৮ নভেম্বর, ২০২৬০২:৩৮
১০ জনের দল নিয়েই ইতিহাস গড়ল ইংলিশ ক্লাব
২৪ঘণ্টা টিভিসংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে থেকে পাঁচ নম্বরে থাকা বোর্নমাউথ ইউরোপীয় প্রতিযোগিতায়ও আলো ছড়াচ্ছে। উয়েফা ইউরোপা লিগে নিজেদের প্রথম পাঁচ ম্যাচেই জেতা ইতিহাসের প্রথম ইংলিশ ক্লাব তারা। ১০ জনের দল নিয়েও বোর্নমাউথ বৃহস্পতিবার রাতে স্পেনের সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে।

ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের প্রথম পাঁচ ম্যাচে জয়ের রেকর্ড আছে আরও দুই দলের। ১৯৬১-৬২ মৌসুমে নুরেমবার্গ এবং ১৯৭২-৭৩ মৌসুমে আরারাত নিজেদের প্রথম পাঁচ ম্যাচেই জিতেছিল। তবে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ওই কীর্তি গড়ল বোর্নমাউথ। মার্কো রোজের দলটি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জিতে ক্লাব রেকর্ডও গড়েছে।

যদিও ম্যাচের মাত্র ২৩ মিনিটে বাজেভাবে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন বাফোদে দিয়াকিতে। এর চার মিনিট আগে গোল করে ইয়াগো আসপাস সেল্টাকে এগিয়ে দিয়েছিলেন। এগিয়ে থেকেই প্রথমার্ধ পার করে দেয় স্প্যানিশ ক্লাবটি। বিপরীতে বোর্নমাউথকে ১০ জন নিয়ে টিকে থাকার চ্যালেঞ্জ এবং ম্যাচে ফেরার চ্যালেঞ্জ সামলাতে হয়েছে এক ঘণ্টারও বেশি সময়।

দ্বিতীয়ার্ধে নেমেই বোর্নমাউথ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। বিরতি থেকে ফেরার পরপরই আলভারো রদ্রিগেজ হেডে সমতাসূচক গোল করেন। এরপর ৭৮ মিনিটে বদলি খেলোয়াড় রায়ানের গোলে জয় নিশ্চিত হয় ইংলিশ ক্লাবটির। এই জয়ে ইউরোপা লিগের লিগ পর্বের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বোর্নমাউথ। পাশাপাশি তারা শেষ ষোলোয় ওঠার দৌড়েও অনেকটাই এগিয়ে গেছে।

শিষ্যরা উড়তে থাকলেও পা মাটিতেই রাখছেন এই মৌসুমে আন্দোনি ইরাওলার স্থলাভিষিক্ত হওয়া বোর্নমাউথের কোচ মার্কো রোজ, ‘স্বপ্ন দেখার অধিকার সবারই আছে। এমন একটি প্রতিযোগিতায় অংশ নিলে আপনি নিশ্চয়ই সেরা সাফল্যটি অর্জন করতে চাইবেন। আমরা জানি, এখনও অনেক পথ পাড়ি দেওয়া বাকি, অনেক ম্যাচ খেলা বাকি। আপাতত লক্ষ্য হলো সেরা আটের মধ্যে জায়গা করে নেওয়া, যাতে অতিরিক্ত ম্যাচ খেলার ঝামেলা এড়ানো যায়। এরপর আমরা ধাপে ধাপে পরবর্তী পদক্ষেপের কথা ভাবব।’

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram