২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

কৃষি সমাচার

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডিসেম্বর থেকে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপ

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৬০৯:৪৪আপডেট: ২৮ নভেম্বর, ২০২৬০২:৩৮
ডিসেম্বর থেকে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপ

দেশের কৃষকদের আর্থিক সহায়তা ও কৃষি উপকরণ প্রাপ্তি সহজ করতে ‘কৃষক কার্ড’ কর্মসূচির পাইলট কার্যক্রমের দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর। এদিন কুষ্টিয়া সদর উপজেলায় কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর তিন দিন পর, ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর বিভাগের কৃষকদের জন্য একই কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করা হবে।

২৬ নভেম্বর কৃষি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে ঢাকা ও খুলনা বিভাগের প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষককে কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তাঁদের মধ্যে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের প্রায় ২ লাখ ৬৯ হাজার জনকে জনপ্রতি বছরে ২ হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ কেনার সহায়তা দেওয়া হবে। এ জন্য আইবাসের মাধ্যমে সংশ্লিষ্ট কৃষকদের ব্যাংক হিসাবে প্রায় ৬৭ কোটি ২০ লাখ টাকা পাঠানো হবে।

প্রাথমিকভাবে কুষ্টিয়া সদর উপজেলার দুটি কৃষি ব্লকের ২ হাজার ৮৫০ জন কৃষককে সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে কৃষক কার্ড দেওয়া হবে।

অন্যদিকে, ৫ ডিসেম্বর গোবিন্দগঞ্জে উদ্বোধন হতে যাওয়া কার্যক্রমের মাধ্যমে রংপুর বিভাগের প্রায় ১ লাখ ৫৪ হাজার কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে প্রায় ১ লাখ ৩৭ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে কৃষি উপকরণ সহায়তা হিসেবে প্রায় ৩৪ কোটি ৪৩ লাখ টাকা দেওয়া হবে। প্রথম পর্যায়ে গোবিন্দগঞ্জ উপজেলার একটি কৃষি ব্লকের ১ হাজার ৯৯০ জন কৃষক কার্ড পাবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, ডিসেম্বর মাসে ঢাকা, খুলনা ও রংপুর বিভাগের পাশাপাশি পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগেও কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

কর্মসূচি বাস্তবায়নে প্রাথমিকভাবে বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক পিএলসি ও জনতা ব্যাংক পিএলসিকে যুক্ত করা হয়েছে। কার্ড ছাপানোর কাজ শেষ হলে পর্যায়ক্রমে তালিকাভুক্ত সব কৃষকের হাতে কার্ড পৌঁছে দেওয়া হবে। তবে কার্ড হাতে পাওয়ার আগেই সহায়তার জন্য নির্বাচিত কৃষকেরা সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে অর্থ উত্তোলন করতে পারবেন। এ অর্থ শুধু কৃষি উপকরণ কেনার কাজে ব্যয় করতে হবে। কেনাকাটার প্রমাণ উপজেলা কৃষি অফিস বা সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাকে জানিয়ে রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।

কৃষি মন্ত্রণালয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী, আগামী চার বছরে দেশের ৬৪ জেলা, ৫০৩ উপজেলা, ১৬টি মেট্রোপলিটন এলাকা এবং ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লকে প্রায় ২ কোটি ৩৫ লাখ কৃষককে এই কর্মসূচির আওতায় আনা হবে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষককে কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। পাশাপাশি ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র শ্রেণির প্রায় ৩৯ লাখ কৃষককে প্রায় ৯৭০ কোটি টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।

কৃষকদের তথ্যভিত্তিক তালিকা তৈরির কাজও চলছে। মাঠপর্যায়ে প্রায় ৭ হাজার ২০০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা তথ্য সংগ্রহ করছেন। ২৬ নভেম্বর পর্যন্ত প্রায় ২৭ লাখ ৩ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে উপজেলা কমিটির অনুমোদন পেয়েছে প্রায় ১৯ লাখ ১১ হাজার কৃষকের তথ্য এবং তাঁদের ব্যাংক হিসাব খোলা হয়েছে।

এর আগে গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইল সদর উপজেলায় প্রি-পাইলটিং কার্যক্রমের মাধ্যমে আট বিভাগের ১০ জেলার ১১টি উপজেলা ও ১১টি কৃষি ব্লকের ২০ হাজার ৮৩২ জন কৃষককে কার্ড দেওয়া হয়। পরে ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় পাইলট পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করা হয়। ওই পর্যায়ে ৭৭টি উপজেলার প্রায় এক লাখ কৃষকের ব্যাংক হিসাবে কৃষি উপকরণ সহায়তার অর্থ পাঠানো হয়।

কৃষি সচিব মো. সেলিম খান বলেন, কৃষক কার্ডের মাধ্যমে চাষযোগ্য জমি, ফসলের বৈচিত্র্য, কৃষকের চাহিদা এবং মাটির স্বাস্থ্যসহ কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন তথ্য নিয়ে একটি সমন্বিত ডেটাবেইস তৈরি করা হচ্ছে। এর ফলে কৃষি ব্যবস্থাপনা আরও আধুনিক, তথ্যনির্ভর ও পরিকল্পিত হবে। একই সঙ্গে কৃষকের মর্যাদাও বাড়বে।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে দেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। কৃষক কার্ডের মাধ্যমে চাহিদাভিত্তিক উৎপাদন, পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণসহ ফসল উৎপাদনের বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, কৃষকদের জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, জমির পরিমাণ ও কৃষিকাজসংক্রান্ত তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে। এর ফলে অনিয়ম কমবে এবং প্রকৃত কৃষকেরা সহায়তা থেকে বঞ্চিত হবেন না।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram