অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য এখন আর শুধু ময়েশ্চারাইজ়ার নয়। বেছে নিতে পারেন বিভিন্ন ধরনের ফেশিয়াল অয়েল। শুধু শুষ্ক ত্বকের জন্যই নয়, এমন অনেক ফেস অয়েলও পাবেন, যেগুলিমুখের ত্বকের অতিরিক্ত তেলক্ষরণ বন্ধ করে। তার ফলে ত্বকে র্যাশ বা ব্রণর দাপট কমে যায়। বাজারচলতি তেলে রাসায়নিকের বাড়বাড়ন্ত। তার চেয়ে ঘরেই প্রাকৃতিক উপাদানে বানিয়ে নিতে পারেন ফেস অয়েল।
আমন্ড ও ভিটামিন ই অয়েল
উপকরণ: ২ টেবিল চামচ আমন্ড অয়েল এবং ১টি ভিটামিন ই ক্যাপসুল।
পদ্ধতি: একটি পরিষ্কার ছোট কাচের ড্রপার বোতলে আমন্ড অয়েল ঢেলে তার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল কেটে তেলটুকু মিশিয়ে ভাল করে ঝাঁকিয়ে নিন। রাতে মুখ ধোয়ার পর হালকা ভেজা ত্বকে ২–৩ ফোঁটা মেখে আলতো হাতে মাসাজ করুন।
কেশর ও তিল বা বাদাম তেলের মিশ্রণ
উপকরণ: ২ টেবিল চামচ আমন্ড অয়েল বা হালকা সাদা তিলের তেল এবং ৫–৬টি কেশর নিয়ে নিন।
পদ্ধতি: কাচের শিশিতে তেল নিয়ে তাতে কেশর ভিজিয়ে রাখুন। রোদ বা আলো থেকে দূরে ২–৩ দিন রেখে দিন, যতক্ষণ না তেলে হালকা সোনালি আভা আসে। ঘুমোতে যাওয়ার আগে ২ ফোঁটা তেল মুখে মেখে নিলে ত্বক কোমল ও উজ্জ্বল থাকবে।
ক্যাস্টর অয়েল ও আর্গন অয়েলের মিশ্রণ
যাঁদের ত্বক প্রচণ্ড শুষ্ক ও খসখসে, তাঁদের জন্য ক্যাস্টর অয়েল ও আর্গন অয়েল দিয়ে তৈরি ফেস অয়েল কার্যকর হতে পারে। ভিটামিন ই-র গুণে আর্গন অয়েল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারে দীর্ঘ সময়। যে কোনও সাধারণ ময়েশ্চারাইজ়ার বা বডি লোশনের চেয়ে ত্বককে অনেক বেশি কোমল ও মসৃণ করে তুলতে পারে। ১ টেবিল চামচ আর্গন অয়েলের সঙ্গে ১ চামচ ক্যাস্টর অয়েল ও ১ চামচ আমন্ড অয়েল মিশিয়ে মাখলে ত্বক নরম হবে এবং দাগছোপ দূর হবে।




