ছয় দশকের বেশি সময় ধরে সংগীতের জগতে নিজের স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। তাঁর সুরের জাদুতে মুগ্ধ অসংখ্য শ্রোতা। এবার সেই মুগ্ধতার তালিকায় নতুন করে যুক্ত হলেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। শুধু গান নয়, রুনা লায়লার রসবোধ, প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং নাচ শেখানোর অভিজ্ঞতাও মুগ্ধ করেছে এই অভিনেতাকে।
গত ২০ নভেম্বর ‘সিক্স ডিকেডস অব রুনা লায়লা : লিগ্যাসি কন্টিনিউস’ শীর্ষক এক বিশেষ আয়োজনে প্রথমবারের মতো একই মঞ্চে উপস্থিত হন দুই গুণী শিল্পী। একটি বেসরকারি ব্যাংকের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রুনা লায়লার দীর্ঘ সংগীতজীবন ও অসামান্য অর্জন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করেন তারিক আনাম খান। অন্যদিকে নিজের জনপ্রিয় গান পরিবেশনের পাশাপাশি জীবনের নানা অভিজ্ঞতা ও সংগীতযাত্রার গল্প শোনান রুনা লায়লা। গান ও কথোপকথনে সাজানো পুরো আয়োজনটি হয়ে ওঠে স্মরণীয় এক সন্ধ্যা।
এই অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তারিক আনাম খান। অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করে তিনি জানান, রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে কথা বলা এবং তাঁকে প্রশ্ন করার সুযোগ পাবেন, এমনটা কখনো ভাবেননি।
তারিক আনাম লিখেছেন, উপমহাদেশজুড়েই রুনা লায়লার অসংখ্য ভক্ত রয়েছেন। তাঁদের একজন তিনি নিজেও। তবে শুধু গানের জন্য নয়, রুনা লায়লার উপস্থিত বুদ্ধি ও অসাধারণ রসবোধের প্রতিও তাঁর বিশেষ ভালো লাগা রয়েছে।
অভিনেতার কাছে সবচেয়ে আনন্দের বিষয় ছিল, রুনা লায়লার কাছ থেকে মঞ্চেই নাচ শেখার সুযোগ পাওয়া। তাঁর ভাষায়, গান শোনা, জীবনের গল্প জানা এবং মজার কথার পাশাপাশি নাচও শিখেছেন তিনি।
তারিক আনাম আরও জানান, প্রায় আড়াই ঘণ্টা একাই গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন রুনা লায়লা। দীর্ঘ সংগীতজীবনের পরও তাঁর কণ্ঠের সাবলীলতা ও পরিবেশনার প্রাণবন্ততা মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে। প্রিয় এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতেও এমন সৃষ্টিশীল পথচলা অব্যাহত থাকার প্রত্যাশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে নিজের ৬২ বছরের সংগীতজীবন উদযাপনের আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রুনা লায়লাও। তাঁর কাছে সন্ধ্যাটি ছিল অপূর্ব ও স্মরণীয়। এমন সম্মাননা দেওয়ার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
রুনা লায়লা বিশেষভাবে আনন্দিত নতুন প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী, সংগীতশিল্পী ও অন্যান্য শিল্পীদের সঙ্গে একই মঞ্চে অংশ নিতে পেরে। পাশাপাশি আয়োজক, অতিথি, দর্শক ও সহশিল্পীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই কিংবদন্তি শিল্পী।
সংগীতের ছয় দশকের পথচলায় অসংখ্য অর্জনের সাক্ষী রুনা লায়লা। তবে তাঁর এই আয়োজন আবারও মনে করিয়ে দিল, কিংবদন্তি হয়ে ওঠার পাশাপাশি নতুন প্রজন্ম ও সহশিল্পীদের সঙ্গে প্রাণবন্ত সম্পর্ক ধরে রাখার মধ্যেও রয়েছে তাঁর শিল্পীসত্তার অনন্য সৌন্দর্য।



