২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটার ধুম

২৪ঘন্টা অনলাইনছাড়ের উৎসবে মাতছেন ক্রেতারাপ্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৬১০:১৯আপডেট: ২৮ নভেম্বর, ২০২৬০২:৩৮
বিশ্বজুড়ে ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটার ধুম

বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্ল্যাক ফ্রাইডের বিশেষ কেনাকাটার আয়োজন। শুক্রবার (২৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতারা টেলিভিশন, স্মার্টফোন, ল্যাপটপ, পোশাক, প্রসাধনী ও গৃহস্থালি পণ্য কিনছেন বিশেষ ছাড়ে। একসময় যুক্তরাষ্ট্রকেন্দ্রিক এই আয়োজন এখন ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় বাণিজ্যিক উৎসবে পরিণত হয়েছে।

ব্ল্যাক ফ্রাইডে মূলত যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডের পরদিন পালিত হয়। বড়দিন ও নববর্ষ সামনে রেখে এ সময় খুচরা বিক্রেতারা পণ্যে বড় ধরনের মূল্যছাড় দেন। ফলে নভেম্বর থেকেই শুরু হয় কেনাকাটার মৌসুম, যা ডিসেম্বরের শেষ পর্যন্ত চলে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিটেইল ফেডারেশনের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বর ও ডিসেম্বরে দেশটির খুচরা বিক্রি গত বছরের তুলনায় ৪ শতাংশ বেড়ে ১ লাখ ১৩ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে। অ্যাডোবি অ্যানালিটিকসের পূর্বাভাস বলছে, এ দুই মাসে অনলাইন কেনাকাটার পরিমাণ হতে পারে ২৭ হাজার ৫১০ কোটি ডলার।

ব্ল্যাক ফ্রাইডের প্রভাব শুধু খুচরা বিক্রিতেই সীমাবদ্ধ নয়। পণ্য পরিবহন, গুদামজাতকরণ, কুরিয়ার, প্যাকেজিং, ডিজিটাল পেমেন্ট ও সরবরাহব্যবস্থাতেও এ সময় ব্যবসা বাড়ে। বাড়তি চাহিদা সামাল দিতে বিভিন্ন প্রতিষ্ঠান অস্থায়ী কর্মীও নিয়োগ করে।

ব্ল্যাক ফ্রাইডে নামটির উৎপত্তি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে। ১৯৫০-এর দশকে থ্যাংকসগিভিংয়ের পরদিন বিপুল মানুষের কেনাকাটা ও ফুটবল ম্যাচ ঘিরে শহরে যানজট ও বিশৃঙ্খলা তৈরি হতো। পুলিশ কর্মকর্তারা দিনটিকে নেতিবাচক অর্থে ‘ব্ল্যাক ফ্রাইডে’ নামে অভিহিত করেন। পরবর্তী সময়ে ১৯৮০-এর দশকে এটি দেশজুড়ে বাণিজ্যিক উৎসব হিসেবে জনপ্রিয়তা পায়।

ইন্টারনেট ও ই-কমার্সের বিস্তারে বর্তমানে ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটা দোকানের পাশাপাশি অনলাইনেও ব্যাপকভাবে হচ্ছে। ২০০৫ সালে শুরু হওয়া সাইবার মানডে এই অনলাইন কেনাকাটার প্রবণতাকে আরও বিস্ত‍ৃত করেছে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram