২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬১১:৪৮আপডেট: ২৬ নভেম্বর, ২০২৬১৫:১৫
৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ সাতটি জেলায় মোট ১০৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য আরও চার প্লাটুন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

২৬ নভেম্বর বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে। এছাড়া সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা এসব সদস্য স্থানীয় জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। বিশেষ করে শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সম্ভাব্য বিশৃঙ্খলা ও সহিংসতা ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে।

মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তির ব্যবহারও বাড়িয়েছে বিজিবি। সদর দপ্তরের মনিটরিং সেলের মাধ্যমে বিভিন্ন এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির সাহায্যে সরাসরি ভিডিও চিত্র বিশ্লেষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায়ও বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের সুরক্ষা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির সতর্ক অবস্থান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

#জাতীয়#সংবাদ#বিজিবি মোতায়েন#১০৯ প্লাটুন বিজিবি#আইনশৃঙ্খলা পরিস্থিতি#বাংলাদেশের নিরাপত্তা#বিজিবি সংবাদ#BGB Deployment#Security Update#Bangladesh News
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram