২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন ঘোষণা

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬১০:১৮আপডেট: ২৬ নভেম্বর, ২০২৬১৫:১৫
চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন ঘোষণা
ছবি : সংগৃহীত

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান সংকট কাটছে না। দীর্ঘ আন্দোলনের পর একাডেমিক কার্যক্রম চালু হলেও বিরোধের স্থায়ী সমাধান না হওয়ায় আবারও কঠোর কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন তারা। এতে সব বর্ষের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে।

২৫ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চলমান আন্দোলনের পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। পরে সর্বসম্মতিক্রমে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দুই মাসের বেশি সময় ধরে তারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করলেও বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। সংকট দীর্ঘায়িত হওয়ায় নিয়মিত শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের মতে, বারবার আশ্বাসের পরিবর্তে সংকট নিরসনে কার্যকর সিদ্ধান্ত প্রয়োজন।

আলোচনা সভা শেষে রাত ২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, গত দুই মাস ধরে শিক্ষার্থীরা আন্দোলনে সক্রিয় থাকলেও সংকট সমাধানে দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিতে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এদিকে, আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই ইস্যুতে বিকেল ৩টায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

যেভাবে শুরু হয় সংকট

চুয়েটের বর্তমান অচলাবস্থার সূত্রপাত গত ২১ সেপ্টেম্বর। ওই দিন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন।

টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হয়। কিন্তু উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধের অবসান না হওয়ায় স্বাভাবিক পরিবেশ ফিরতে পারেনি ক্যাম্পাসে। এবার আবারও শাটডাউন ঘোষণায় চুয়েটে নতুন করে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

#জাতীয়#সংবাদ#চুয়েট#চুয়েট শাটডাউন#CUET Shutdown#চুয়েট আন্দোলন#চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়#বিশ্ববিদ্যালয় বন্ধ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram