দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরীসহ আট জেলায় ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় জরুরি প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
২১ নভেম্বর বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোতায়েন করা সদস্যদের মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে পাঁচ প্লাটুন, নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে দুই প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং কক্সবাজারে ছয় প্লাটুন দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ করছেন বিজিবি সদস্যরা। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা এবং নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধেও কাজ করছেন তাঁরা।
এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখতে বিজিবি সদর দপ্তরে প্রযুক্তিনির্ভর মনিটরিং কার্যক্রম চালু রয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর মাধ্যমে বিভিন্ন এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা বজায় রাখতে বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



