২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

বিনোদন

কনের সাজে পূর্ণিমা, দুই দিনেই ভিডিওতে ২২ লাখ ভিউ

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬২২:২৯

বিয়ের সাজে নতুন রূপে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। গাঢ় লাল শাড়ি ও ঐতিহ্যবাহী গয়নায় সাজানো তাঁর এক মিনিটের ভিডিওটি প্রকাশের দুই দিনের মধ্যেই ২২ লাখের বেশি ভিউ পেয়েছে। ভক্তদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

কনের সাজে পূর্ণিমা, দুই দিনেই ভিডিওতে ২২ লাখ ভিউ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার নতুন ব্রাইডাল লুক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বিয়ের সাজে নিজের একটি ভিডিও প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। ভিডিওটি প্রকাশের মাত্র দুই দিনের মধ্যেই ২২ লাখের বেশি বার দেখা হয়েছে।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন পূর্ণিমা। সেখানে তাঁকে দেখা গেছে ঐতিহ্যবাহী বাঙালি কনের সাজে। গাঢ় লাল রঙের শাড়িতে সোনালি নকশার কারুকাজ, মাথায় মানানসই ওড়না এবং জমকালো গয়নায় দারুণভাবে ফুটে উঠেছে তাঁর সাজ।

কপালে টিকলি, গলায় একাধিক সোনালি গয়না, কানে দুল এবং হাতে লাল-সোনালি চুড়ি—সব মিলিয়ে পূর্ণিমার পুরো সাজে ছিল আভিজাত্য ও ঐতিহ্যের ছোঁয়া। পরিপাটি মেকআপ তাঁর ব্রাইডাল লুককে দিয়েছে বাড়তি আকর্ষণ।

ভিডিওটির দৃশ্যায়নেও রাখা হয়েছে বিশেষ আয়োজন। লাল পর্দা ও ঝাড়বাতির আবহে কখনো ওড়নার আড়াল থেকে হাত বাড়িয়ে, আবার কখনো আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে হাসতে দেখা যায় অভিনেত্রীকে। ভিডিওর ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘কনের আভিজাত্যের শিল্প। প্রতিটি ফ্রেমেই যেন সৌন্দর্য।’

ভিডিও প্রকাশের পর থেকেই ভক্ত ও অনুসারীদের কাছ থেকে আসছে নানা প্রশংসাসূচক মন্তব্য। অনেকেই তাঁর সৌন্দর্য ও সাজের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার জানতে চেয়েছেন, কীভাবে এখনো এমন আকর্ষণীয় সৌন্দর্য ধরে রেখেছেন তিনি।

বাংলাদেশের চলচ্চিত্রে প্রায় তিন দশকের অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা। অভিনয়দক্ষতা ও সৌন্দর্য দিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের ভালোবাসা পেয়ে আসছেন তিনি।

তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ে আগের তুলনায় কিছুটা অনিয়মিত এই অভিনেত্রী। ২০২৪ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায় সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে তাঁকে। এর আগে ২০২৩ সালে কাজল আরেফিন অমির পরিচালনায় ‘হোটেল রিলাক্স’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি।

নতুন সিনেমায় নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উপস্থিতি ও ভিন্নধর্মী সাজের মাধ্যমে ভক্তদের আগ্রহ ধরে রেখেছেন পূর্ণিমা। তাঁর সাম্প্রতিক ব্রাইডাল ভিডিওর বিপুল ভিউ সেই জনপ্রিয়তারই আরেকটি উদাহরণ।

#জাতীয়#সংবাদ#পূর্ণিমার বিয়ের সাজ#পূর্ণিমার ব্রাইডাল লুক#পূর্ণিমার নতুন ভিডিও#বাংলা বিনোদন সংবাদ#Dilara Hanif Purnima#Purnima Bridal Look
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram