২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

রাজনীতি

মুখে নয়, বাস্তবে জুলাই সনদ কার্যকরের আহ্বান সেলিম উদ্দিনের

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬১৩:২৫আপডেট: ২১ নভেম্বর, ২০২৬২০:৪৬

জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসন ও সংবিধান সংস্কারের আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন। শনিবার ঢাকায় এক সমাবেশে তিনি এ দাবি জানান। একই সঙ্গে কেন্দ্রীয় সংগঠনের ৪০ দিনের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা মহানগর উত্তর জামায়াতের পক্ষ থেকে আরও ৬০ দিনের কর্মসূচি ঘোষণার কথা জানান তিনি।

মুখে নয়, বাস্তবে জুলাই সনদ কার্যকরের আহ্বান সেলিম উদ্দিনের
ছবি : সংগৃহীত

দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার ও রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

একই সঙ্গে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাংগঠনিক কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর উত্তর জামায়াত।

২১ নভেম্বর রাজধানীতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের কার্যালয়ে গুলশান পূর্ব থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেলিম উদ্দিন।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংকটপূর্ণ। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি। শুধু রাজনৈতিক ঐক্যের কথা বললে হবে না, বাস্তবে সনদটি কার্যকর করে সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক তৈরি করছে। এতে দেশের স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে বলেও দাবি করেন তিনি। এ পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংসতা ও নাশকতা প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে সেলিম উদ্দিন জানান, কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ঢাকা মহানগর উত্তর জামায়াত আরও ৬০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। ফলে ঘোষিত কর্মসূচির আওতায় মোট ১০০ দিনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার কথাও জানান তিনি।

সাংগঠনিক দায়িত্ব পালনে নেতাকর্মীদের নৈতিকতা ও দায়িত্বশীলতার ওপরও গুরুত্ব দেন সেলিম উদ্দিন। তাঁর মতে, ক্ষমতা ও সুযোগ মানুষকে স্বার্থপর এবং দুর্নীতিগ্রস্ত করে তুলতে পারে। এ থেকে দূরে থাকতে আল্লাহর প্রতি বিশ্বাস, নৈতিক মূল্যবোধ ও আত্মশুদ্ধি প্রয়োজন।

তিনি আরও বলেন, সংসদ সদস্য হওয়া, মন্ত্রিত্ব কিংবা রাষ্ট্রীয় ক্ষমতা কোনোটিই স্থায়ী নয়। তাই দায়িত্বশীলদের আত্মকেন্দ্রিক না হয়ে সংগঠনের কর্মীদের খোঁজখবর নিতে হবে, তাঁদের পাশে দাঁড়াতে হবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

#জাতীয়#সংবাদ#জুলাই সনদ বাস্তবায়ন#Bangladesh Politics#Selim Uddin#রাজনৈতিক ঐক্য#বাংলাদেশ রাজনীতি#ঢাকা মহানগর উত্তর জামায়াত#সংবিধান সংস্কার#রাজনৈতিক সংকট#১০০ দিনের কর্মসূচি#জামায়াতের কর্মসূচি#সেলিম উদ্দিন#জামায়াতে ইসলামী
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram