২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

সারাদেশ

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬১৩:৩৫আপডেট: ২৬ নভেম্বর, ২০২৬১৫:১৫
গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ
২৪ঘণ্টা টিভিসংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আজও কর্মবিরতি দিয়ে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করেছে পোশাক শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে। তবে অন্যদিনের তুলনায় জেলার শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ অবরোধের চেষ্টা করা হয়। তবে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে কিছু শ্রমিক দলবদ্ধ হয়ে মিছিল নিয়ে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটলেও এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

এদিকে, পরিস্থিতি বিবেচনায়, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎসহ আশপাশের এলাকার ৮টি কারখানা আজ ছুটি ঘোষণা করা হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রয়েছে।

অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর, শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি, বৈরাগীর চালা, কেওয়াসহ বেশ কিছু কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলায় শিল্পাঞ্চলের পরিস্থিতি অন্যদিনের তুলনায় স্বাভাবিক। বিভিন্ন এলাকায় কারখানা চালু রয়েছে। শ্রমিকরাও কাজ করছে। উৎপাদন স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram