২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

আন্তর্জাতিক

কায়রোতে জ্বালানিবাহী ট্রাকে ভয়াবহ আগুন, নিহত ৩১

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬১২:০৯আপডেট: ২৬ নভেম্বর, ২০২৬১৫:১৫
কায়রোতে জ্বালানিবাহী ট্রাকে ভয়াবহ আগুন, নিহত ৩১
ছবি : সংগৃহীত

মিসরের রাজধানী কায়রোর ব্যস্ত মহাসড়কে জ্বালানিবাহী ট্রাক দুর্ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ঘনবসতিপূর্ণ আল-ওয়ারাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক রিং রোডে একটি জ্বালানিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এরপর ট্রাক থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আশপাশে থাকা একাধিক যানবাহন আগুনের কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সংবাদমাধ্যমের প্রকাশিত ফুটেজে দুর্ঘটনার ভয়াবহতা উঠে এসেছে। মহাসড়কের ওপর থেকে আগুনের বিশাল শিখা ও ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত চালকেরা দ্রুত গাড়ি সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে বেশ কয়েকটি গাড়ি পুড়ে ধ্বংস হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠায় স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আবদেল রহমান খলিল নামে এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, দুর্ঘটনার পরপরই তিনি ঘটনাস্থলে পৌঁছে জ্বালানিবাহী ট্রাকটিকে দাউ দাউ করে জ্বলতে দেখেন। তার ভাষায়, পুরো দৃশ্যটি ছিল ভয়াবহ।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও দুর্ঘটনার প্রকৃত পরিস্থিতি জানতে তদন্ত শুরু করেছে মিসরের সরকারি কৌঁসুলির কার্যালয়। আগুনে গুরুতরভাবে দগ্ধ হয়ে যাদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না, তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদার করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার ঘটনাস্থল এবং আশপাশের হাসপাতাল পরিদর্শন করেছেন।

মিসরে অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি

মিসরে অগ্নিনিরাপত্তা ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। দেশটির অনেক ভবনে জরুরি নির্গমন পথ, ধোঁয়া শনাক্তকারী যন্ত্র এবং অগ্নিসংকেত দেওয়ার আধুনিক ব্যবস্থা পর্যাপ্ত নয়। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকার সরু সড়ক ও অপরিকল্পিত অবকাঠামোর কারণে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনায় বাধার সৃষ্টি হয়।

অন্যদিকে বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা দেশটিতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

মিসরের সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর আগের বছর প্রাণ হারিয়েছিলেন ৫ হাজার ২০০ জনের বেশি। গত আগস্টেও উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন।

কায়রোর এবারের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আবারও দেশটির সড়ক নিরাপত্তা, জ্বালানি পরিবহন এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

#জাতীয়#সংবাদ#কায়রো অগ্নিকাণ্ড#কায়রোতে ট্রাক দুর্ঘটনা#জ্বালানিবাহী ট্রাকে আগুন#মিসরে ৩১ জন নিহত#মিসর দুর্ঘটনা#আল ওয়ারাক#Egypt Truck Accident#Cairo Ring Road Fire
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram