মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে নারী পাচারসংক্রান্ত এক মামলায় চারজনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। দণ্ডিত ব্যক্তিদের মধ্যে তিনজনই যুক্তরাষ্ট্রের নাগরিক। ২০২২ সালে নিখোঁজ হওয়া এক নারীর ঘটনায় দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে অপরাধমূলক চক্র গঠনের অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে ওই নারীর সন্ধান এখনো মেলেনি।
শুক্রবার (২১ নভেম্বর) দেশটির সরকারি কৌঁসুলির দপ্তর পাবলিক মিনিস্ট্রি জানিয়েছে, দোষী সাব্যস্ত প্রত্যেকের জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড চাওয়া হবে। নারীদের যৌন পাচারচক্রে নিয়োগের অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়। আগামী ৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
এদিকে, মানব পাচারের অভিযোগ থেকে যুক্তরাষ্ট্রের নাগরিক হ্যারল্ড গ্রিন ও উইলিয়াম জেমস মারডককে খালাস দেওয়ার আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে পাবলিক মিনিস্ট্রি।
তবে আদালত তাদের মানব পাচারের অভিযোগ থেকে অব্যাহতি দিলেও অপরাধমূলক চক্র গঠনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। একই অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের আরেক নাগরিক গ্যারি লি জনস্টন এবং হন্ডুরাসের নাগরিক গুস্তাভো ত্রেহো।
মামলাটি ২০২২ সালে নিখোঁজ হওয়া এক নারীকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল। ওই নারীর নিখোঁজ হওয়ার ঘটনায় নারী পাচারচক্রের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।



