২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

স্বাস্থ্য খাতে ১০ হাজার নিয়োগের প্রস্তুতি, ডিসেম্বরেই বিজ্ঞপ্তি

স্বাস্থ্য খাতে জনবল সংকট কমাতে প্রায় ১০ হাজার পদে নিয়োগের প্রস্তুতি নিচ্ছে সরকার। এর মধ্যে ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা আছে। প্রকৃত শূন্য পদ নির্ধারণে স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে নতুন তথ্য সংগ্রহ করছে স্বাস্থ্য অধিদপ্তর। নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ কমিটি গঠন এবং লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের পরিকল্পনাও রয়েছে।

২০ নভেম্বর, ২০২৬ এ ১৫:৪৩
স্বাস্থ্য খাতে ১০ হাজার নিয়োগের প্রস্তুতি, ডিসেম্বরেই বিজ্ঞপ্তি
ছবি : সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: স্বাস্থ্যসেবার জনবল সংকট কমাতে বড় নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক পদ মিলিয়ে প্রায় ১০ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট এবং ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগের সম্ভাবনা রয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়োগের আগে প্রকৃত শূন্য পদের সংখ্যা নিশ্চিত করার কাজ চলছে। বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে কারিগরি ত্রুটি থাকায় শূন্য পদের হিসাবে অসংগতি দেখা দিয়েছে। এ কারণে দেশের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে নতুন করে হালনাগাদ তথ্য সংগ্রহ করছে অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি জানিয়েছেন, শুধু এমআইএসের তথ্যের ওপর নির্ভর না করে সরাসরি স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে তথ্য চাওয়া হয়েছে। এসব তথ্য যাচাই ও সমন্বয়ের পর নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করা হবে।

তিনি জানান, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পাশাপাশি হিসাব সহকারী, হিসাবরক্ষক এবং অফিস সহকারীসহ বিভিন্ন পদে আরও প্রায় ১৫০ জন নিয়োগের প্রস্তুতি চলছে। এসব পদের বিজ্ঞপ্তি আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ হতে পারে।

এদিকে জেলা পর্যায়ে স্বাস্থ্য সহকারী নিয়োগ কার্যক্রমও এগিয়ে চলছে। কয়েকটি এলাকায় নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। তবে কিছু জেলায় এখনো কার্যক্রম চলমান। আদালতে মামলা বিচারাধীন থাকায় কয়েকটি জেলার নিয়োগ প্রক্রিয়া শেষ করতে বিলম্ব হচ্ছে।

নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে বিশেষ কমিটি

নন-মেডিকেল পদে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিশেষ কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে নিয়োগের দায়িত্বে থাকবে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কমিটির সভাপতি এবং উপপরিচালক (প্রশাসন) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটি নিয়োগ পরীক্ষার নীতিমালা নির্ধারণ করবে। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষায় পিএসসির মানদণ্ড অনুসরণের কথা জানিয়েছেন অধ্যাপক রুমি।

নিয়োগ কমিটির তত্ত্বাবধানে লিখিত পরীক্ষা নেওয়া হবে। ফল প্রকাশের আগে উত্তরপত্র মূল্যায়নের ব্যবস্থাও থাকবে বলে জানান তিনি।

অন্যদিকে বিসিএস ক্যাডারের মেডিকেল ও ডেন্টাল চিকিৎসকদের নিয়োগ পিএসসির মাধ্যমে হয়ে থাকে। ৭ম ও ৯ম গ্রেডের কিছু নন-মেডিকেল পদেও এই কমিশনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।

দুর্নীতির অভিযোগ ও যন্ত্রপাতি ব্যবস্থাপনায় নজর

স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে অধ্যাপক রুমি বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের সন্দেহ দেখা দিলে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা বা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

তাঁর ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগে কোনো বিভাগীয় মামলা হয়েছে বলে তাঁর জানা নেই। এ পর্যন্ত হওয়া বিভাগীয় মামলাগুলোর বেশিরভাগই কর্মস্থলে অনুপস্থিতি ও অসদাচরণসংক্রান্ত।

স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসা সরঞ্জামের ব্যবহার নিশ্চিত করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। অব্যবহৃত ও অচল যন্ত্রপাতি কার্যকর করা এবং প্রয়োজনীয় মেরামত সময়মতো সম্পন্ন করার ওপর গুরুত্ব দিচ্ছে অধিদপ্তর। পাশাপাশি দাপ্তরিক চিঠিপত্র ও নথি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

যন্ত্রপাতি ও যানবাহন রক্ষণাবেক্ষণের সক্ষমতা বাড়াতে কেন্দ্রীয় যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থার (টিইএমও) পাশাপাশি বিভাগীয় দপ্তরগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরির কাজ চলছে।

জনবল নিয়োগের পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনার এই উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

#জাতীয়#সংবাদ#স্বাস্থ্য খাতে নিয়োগ#মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ#ফার্মাসিস্ট নিয়োগ#স্বাস্থ্য অধিদপ্তর#১০ হাজার পদে নিয়োগ#নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬#সরকারি চাকরি বাংলাদেশ#স্বাস্থ্য সহকারী নিয়োগ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram