২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

পোশাক খাতের অস্থিরতা নিরসনে সংলাপ চায় আইএলও

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিরসনে সরকার, মালিক ও শ্রমিকদের আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে আইএলও। সংস্থাটি বলেছে, ন্যূনতম মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, শ্রমিকদের প্রয়োজন এবং শিল্পপ্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনা করতে হবে। পাশাপাশি জাতীয় মজুরি নীতিমালা তৈরিতে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।

২০ নভেম্বর, ২০২৬ এ ১৫:২৫
পোশাক খাতের অস্থিরতা নিরসনে সংলাপ চায় আইএলও
ছবি : সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার, মালিক ও শ্রমিক—সব পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। চলমান শ্রমিক অসন্তোষ, মজুরি পর্যালোচনা এবং এর প্রভাবে শ্রমজীবী মানুষের জীবন ও শিল্পপ্রতিষ্ঠানের ওপর তৈরি হওয়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংস্থাটি।

সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে আইএলও জানায়, ন্যূনতম মজুরি পর্যালোচনার জন্য সরকারের উদ্যোগে মজুরি বোর্ড গঠন ইতিবাচক পদক্ষেপ। এ প্রক্রিয়ায় মালিক ও শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। কারণ, আলোচনার ভিত্তিতে গ্রহণযোগ্য সিদ্ধান্তই মজুরি নির্ধারণের প্রক্রিয়াকে বিশ্বাসযোগ্য ও কার্যকর করতে পারে।

আইএলওর মতে, বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাকশিল্পের গুরুত্ব অনেক। এ খাতে লাখ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে, যাঁদের বড় একটি অংশ নারী। তাই শ্রমিকদের উপযুক্ত মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শিল্পপ্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সক্ষমতা নিশ্চিত করতে মালিক-শ্রমিকের মধ্যে নিয়মিত ও গঠনমূলক আলোচনা প্রয়োজন।

মজুরি নির্ধারণে আন্তর্জাতিক শ্রম সংস্থার ১৩১ নম্বর কনভেনশনের নির্দেশনার কথাও তুলে ধরেছে সংস্থাটি। এতে বলা হয়েছে, ন্যূনতম মজুরি নির্ধারণ ও নিয়মিত সমন্বয়ের ক্ষেত্রে স্বচ্ছতা এবং নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। শ্রমিক ও তাঁদের পরিবারের প্রয়োজন, জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতির কারণে ক্রয়ক্ষমতার পরিবর্তন বিবেচনায় রাখা জরুরি।

তবে শুধু শ্রমিকদের চাহিদাই নয়, মজুরি নির্ধারণের সময় উৎপাদনশীলতা, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পপ্রতিষ্ঠানের টিকে থাকার সক্ষমতার বিষয়গুলোও বিবেচনা করতে হবে। দেশের সামগ্রিক মজুরির স্তর, সামাজিক সুরক্ষা সুবিধা ও বিভিন্ন সামাজিক গোষ্ঠীর জীবনমানও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে আইএলও।

বিবৃতিতে সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত সব পক্ষের দায়িত্বশীল আচরণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। আইএলও বলছে, পোশাকশিল্পে শ্রমিকের মজুরি ও কর্মপরিবেশের উন্নয়ন শুধু কারখানার মালিকদের দায়িত্ব নয়। পুরো সরবরাহব্যবস্থার সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা ও পণ্য কেনার নীতিমালা শ্রমিকের ন্যায্য মজুরি এবং ভালো কর্মপরিবেশ নিশ্চিত করতে সহায়ক হতে পারে।

চলমান অস্থিরতার মধ্যে সহিংসতা, ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। এসব ঘটনার নেতিবাচক প্রভাব শ্রমিক, ব্যবসা এবং সামগ্রিক শিল্পসম্পর্কের ওপর পড়ছে বলে মনে করে আইএলও। একই সঙ্গে শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা, যৌথ দরকষাকষির অধিকার এবং শ্রমিক সংগঠনের কার্যক্রমের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে তারা।

পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সব পক্ষকে উত্তেজনা এড়িয়ে সংলাপ ও শান্তিপূর্ণ পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছে সংস্থাটি। এতে ন্যূনতম মজুরি বোর্ড তার দায়িত্ব অনুযায়ী একটি গ্রহণযোগ্য চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বলে আশা করছে আইএলও।

এদিকে মজুরি নির্ধারণব্যবস্থা আরও কার্যকর করতে সরকার, মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে কারিগরি সহায়তা, তথ্য-উপাত্ত সরবরাহ এবং দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। নারী-পুরুষের সমতা বিবেচনায় রেখে একটি জাতীয় মজুরি নীতিমালা তৈরিতেও সহায়তা করতে প্রস্তুত তারা।

আইএলওর মতে, এমন নীতিমালা মজুরি নির্ধারণে স্বচ্ছতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার পাশাপাশি শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে।

#জাতীয়#সংবাদ#পোশাক খাতের অস্থিরতা#তৈরি পোশাকশিল্প#পোশাক শ্রমিক আন্দোলন#জাতীয় মজুরি নীতিমালা#বাংলাদেশের গার্মেন্টস শিল্প#শ্রমিক মালিক সংলাপ#শ্রমিকদের নিরাপত্তা
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram