২৪ঘন্টা অনলাইন: দীর্ঘদিন অভিনয়ের কাজ না পেয়ে কঠিন সময় পার করছেন বলিউড অভিনেতা শরদ কাপুর। কাজের সুযোগ চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের পর এবার তার পাশে দাঁড়িয়েছেন একসময়ের সহশিল্পী শাহরুখ খান। শুধু খোঁজখবর নেওয়াই নয়, প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন বলিউডের এই সুপারস্টার।
সম্প্রতি নিজের দুরবস্থার কথা জানিয়ে কাজের আবেদন করেছিলেন শরদ। তার সেই ভিডিও নজরে আসে শাহরুখের। এরপরই শরদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ফোনালাপে নিজের পছন্দের কাজ করার পরামর্শ দেওয়ার পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন শাহরুখ।
শাহরুখের সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা জানিয়ে শরদ বলেন, ‘শাহরুখ বলেছে, তোমার যা ভালো লাগে, তুমি সেটাই করো। আমি তোমাকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।’
এদিকে শাহরুখের ছেলে আরিয়ান খানের সঙ্গেও শিগগির দেখা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শরদ।
বলিউডের এই দুই অভিনেতা একসঙ্গে কাজ করেছিলেন ২০০০ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘জোশ’-এ। সেই সিনেমার স্মৃতিচারণ করতে গিয়ে শাহরুখের সঙ্গে নিজের সুসম্পর্কের কথাও তুলে ধরেছেন শরদ। তার ভাষায়, শাহরুখ অনেক বড় মাপের মানুষ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শরদের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে চারটি পোষা কুকুরকে অন্যত্র পাঠানোর বিষয়টি সামনে আসে। ভিডিওটি ঘিরে তার ব্যক্তিগত ও আর্থিক পরিস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে নিজেই ভিডিও প্রকাশ করে অভিনয়ের কাজ চেয়ে আবেদন জানান এই অভিনেতা।
একসময় বলিউডের পরিচিত মুখ ছিলেন শরদ কাপুর। ১৯৯৪ সালে ‘মেরা পেয়ারা ভারত’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন তিনি। এরপর মহেশ ভাটের ‘দস্তক’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পান। তবে শাহরুখ খানের সঙ্গে ‘জোশ’ সিনেমায় অভিনয়ের পর তার পরিচিতি আরও বাড়ে।
ক্যারিয়ারের শুরুতে পর্দায় দাপট দেখানো এই অভিনেতার দীর্ঘদিন কাজ না পাওয়া এখন আলোচনার বিষয়। এমন পরিস্থিতিতে পুরোনো সহকর্মী শাহরুখ খানের সহযোগিতার আশ্বাস তার জন্য নতুন করে আশার আলো হয়ে এসেছে।



