২৪ঘন্টা অনলাইন: নির্মাণ খাতের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবী ও গ্রাহকদের কাছে নিজেদের পণ্য, উৎপাদনপ্রযুক্তি এবং সক্ষমতা তুলে ধরেছে দেশের স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল (একেএস)। রাজধানীতে অনুষ্ঠিত ৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিয়ে প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন ধরনের স্টিল পণ্য ও উৎপাদনপ্রক্রিয়া প্রদর্শন করেছে।
সম্প্রতি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি প্রকৌশলী, স্থপতি, শিক্ষক, শিক্ষার্থী, ঠিকাদার, ডেভেলপার, ডিলার এবং বাড়ির মালিকসহ নির্মাণ খাতের বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন।
এক্সপোতে একেএসের স্টলে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয় প্রতিষ্ঠানটির ১০০ শতাংশ রিফাইন্ড স্টিল উৎপাদনপ্রক্রিয়া, প্রযুক্তিগত মান এবং বিভিন্ন পণ্যের বৈশিষ্ট্য। রড, রিং ও স্কয়ার বারসহ প্রচলিত পণ্যের পাশাপাশি নতুন পণ্য সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
নির্মাণকাজে কোন ধরনের পণ্য কীভাবে ব্যবহার করতে হয়, সেসব বিষয়ে দর্শনার্থীদের প্রশ্নের উত্তর দেন স্টলে উপস্থিত একেএসের প্রকৌশলীরা। পণ্যের ব্যবহার, কারিগরি বৈশিষ্ট্য ও গুণগত মান নিয়ে তাঁদের সঙ্গে সরাসরি আলোচনা করার সুযোগ পান আগত ব্যক্তিরা।
প্রদর্শনীতে প্রতিষ্ঠানটির গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনের বিষয়টিও তুলে ধরা হয়। এর মাধ্যমে একেএসের উৎপাদন সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা সম্পর্কে দর্শনার্থীদের সামনে তথ্য উপস্থাপন করা হয়।
আয়োজনে অংশ নেওয়া দর্শনার্থীরা একেএসের প্রতিনিধিদের সঙ্গে নির্মাণসামগ্রীর গুণগত মান, ব্যবহারিক প্রয়োজনীয়তা এবং বিভিন্ন পণ্যের উপযোগিতা নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে তাঁরা নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথাও জানান।
প্রতিষ্ঠানটির এ অংশগ্রহণের অন্যতম লক্ষ্য ছিল নির্মাণশিল্পে স্টিলের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং এ খাতের বিভিন্ন অংশীজনের সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় করা। পাশাপাশি গ্রাহকদের চাহিদা ও মতামত জানার মাধ্যমে পণ্য ও সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।



