২৪ঘন্টা অনলাইন: দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে পরিচিত করার পথে আরও একটি অর্জন যুক্ত হলো। ‘রইদ’ সিনেমায় অভিনয়ের সুবাদে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ১২তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী নাজিফা তুষি। ২০২৬ সালের স্নো লেপার্ড অ্যাওয়ার্ডে এই স্বীকৃতি অর্জন করেন তিনি।
পুরস্কার পাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন তুষি। একই সঙ্গে এই অর্জনকে শুধু নিজের নয়, পুরো ‘রইদ’ পরিবারের সাফল্য হিসেবে উল্লেখ করেছেন তিনি। সিনেমাটির সঙ্গে যুক্ত পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।
নিজের অনুভূতি জানাতে গিয়ে তুষি বলেন, এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের মতো আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা তাঁদের জন্য শুরু থেকেই আনন্দের বিষয় ছিল। এশিয়ার বিভিন্ন দেশের গল্প বিশ্বদর্শকের কাছে পৌঁছে দেওয়ার এমন মঞ্চে ‘রইদ’-এর অংশ হতে পেরে তিনি গর্বিত।
পুরস্কারপ্রাপ্তির জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি পরিবারের সমর্থন ও ভক্তদের ভালোবাসার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এই অর্জনের পেছনে পুরো দলের সম্মিলিত পরিশ্রম ও অবদান রয়েছে।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রইদ’-এর সাফল্য অবশ্য এবারই প্রথম নয়। এর আগে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও সিনেমাটি একাধিক পুরস্কার অর্জন করে। অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত ওই উৎসবে সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা মিউজিক—এই তিন বিভাগে পুরস্কার পায় ছবিটি।
‘রইদ’ সিনেমায় নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে। কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের কাছেও সাড়া পায় ছবিটি।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ধারাবাহিক স্বীকৃতি পাওয়ায় ‘রইদ’ এখন বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আলোচিত একটি নাম। আর এই যাত্রায় নাজিফা তুষির সেরা অভিনেত্রীর পুরস্কার ছবিটির সাফল্যে যোগ করল নতুন মাত্রা।



